১৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি কানাডায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে কানাডায়।

১৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে কানাডায়। সেপ্টেম্বরে ভোক্তা মূল্যসূচক গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। আগস্টের তুলনায় বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। ২০০৩ সালের পর এই প্রথম এতটা মূল্যস্ফীতি বাড়ে কানাডায়। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, পরিবহন, আবাসন ও খাদ্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি। বৈশ্বিক সরবরাহ ঘাটতির প্রভাব পড়েছে দেশটির ওপরে।
কানাডার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুদের হার বাড়ানোর বিষয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসারও কথা রয়েছে তাদের। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অন্য অনেক দেশের মতো কানাডাতেও লকডাউন শিথিলের পর অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর দ্রব্যমূল্য বাড়তে শুরু করেছে। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে বৈশ্বিক সরবরাহের ব্যবধান অনেক বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশে বাড়ছে দ্রব্যমূল্য ও পণ্যঘাটতি। জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের জীবনযাত্রায় ব্যয় বেড়েছে অনেক।

কানাডার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত মাসে গ্যাসোলিনের দাম বাড়ার কারণেই মুদ্রাস্ফীতি বেশি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ বছর দাম বেড়েছে ৩২ দশমিক ৮ শতাংশ। খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে মাংসের দামই কেবল বেড়েছে সাড়ে ৯ শতাংশ। এ ছাড়া আবাসন খরচ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, যেহেতু সরবরাহ বিঘ্নিত হওয়ায় এই দাম বেড়েছে, এ কারণে তা প্রত্যাশা অনুযায়ী আসতে বেশ সময় নেবে।
ব্যাংক অব কানাডা গত বছর দেশের ভোক্তা ব্যবসার জন্য ঋণ গ্রহণের খরচ কমাতে নীতিনির্ধারণী সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ কমায়। সুদের হার বাড়ানো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটি উপায়। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, কানাডা এখনই এ পদক্ষেপ নেবে না।