২ হাজার ৪৩০ কোটি ডলারের শেয়ার ছাড়বে আলিবাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিবাবা। ছবি: রয়টার্স
আলিবাবা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে দুই হাজার ৪৩০ কোটি ডলার মূল্যের শেয়ার ছাড়বে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে যাচ্ছে প্রযুক্তি-সংশ্লিষ্ট চীনা এই কোম্পানি। আইপিওতে প্রতিটি শেয়ারের দাম হতে পারে ৬০ থেকে ৬৬ ডলার।
গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আন্তর্জাতিক রোড শো শেষে আগামী সপ্তাহে চূড়ান্ত শেয়ারমূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে আলিবাবা। আইপিওতে প্রতিষ্ঠানটি মোট ৩২ কোটি এক লাখ শেয়ারের মধ্যে ১২ কোটি ৩১ লাখ শেয়ার ছাড়বে।
পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম বৃহত্ আকারের আইপিওর মাধ্যমে পথচলা শুরু করতে যাচ্ছে প্রযুক্তি-সংশ্লিষ্ট চীনা এই প্রতিষ্ঠানটি। এর আগে ২০১২ সালে প্রযুক্তি-সংশ্লিষ্ট আরেক কোম্পানি ফেসবুক এক হাজার ৬০০ কোটি ডলার মূল্যের শেয়ার ছেড়েছিল। বর্তমানে ফেসবুকের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে আলিবাবার বাজারমূল্য হতে পারে ১৬২ বিলিয়ন ডলার।
চীনে আলিবাবার ৮০ শতাংশ আয় হয় অনলাইন বিক্রির মাধ্যমে। তাওবাও, টিমল ও আলিএক্সপ্রেস আলিবাবার ওয়েবসাইটে অন্তর্ভুক্ত।
আলিবাবা গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান জ্যাক মা বলেছেন, ‘শুরু থেকেই আমাদের উদ্যোক্তাদের আশা ছিল কোম্পানিটির ভিত গড়ে তুলবে চীনা জনগণ, তবে এটি হবে সারা বিশ্বের মানুষের।’

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আলিবাবার আয় বেড়েছে ৪৬ শতাংশ, যার বড় অংশই এসেছে মুঠোফোন গ্রাহকদের মাধ্যমে।