প্রায় ১৯ বছর পর বাজেটে আবারও ‘কালোটাকা’ সাদা করার সুযোগ দিল ভারত সরকার। প্রযোজ্য কর, সারচার্জ ও জরিমানাসহ এই কর হার দাঁড়াবে মোট প্রদর্শিত আয়ের ৪৫ শতাংশ। আগামী ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র চার মাস এ সুযোগ পাবেন ভারতের অবৈধভাবে উপার্জনকারী অর্থবিত্তের মালিকেরা।
গত ২৯ ফেব্রুয়ারি ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তব্যে কালোটাকা সাদা করার এ সুযোগ দেওয়ার ঘোষণা দেন। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলো একে ‘আচমকা ঘোষণা’ হিসেবে অভিহিত করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ‘বিপজ্জনকভাবে’ কালোটাকা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার এ ধরনের সুযোগ দিয়েছে।
অবৈধভাবে উপার্জিত অর্থ বা সম্পদ বৈধ করতে একজন কালোটাকার মালিককে ওই অর্থের ওপরে ৩০ শতাংশ আয়কর দিতে হবে। এর সঙ্গে জরিমানা দিতে হবে সাড়ে ৭ শতাংশ। এতেই পার পাওয়া যাবে না; সাড়ে ৭ শতাংশ কৃষিকল্যাণ সারচার্জ দিতে হবে। সারচার্জের প্রাপ্ত অর্থ কৃষি ও পল্লি উন্নয়নে ব্যয় করবে ভারত সরকার। সব মিলিয়ে একজন করদাতা যদি ১০০ রুপি সাদা করেন, তবে তাঁকে ৪৫ রুপি কর, সারচার্জ ও জরিমানা দিতে হবে। যাঁরা অবৈধভাবে উপার্জিত অর্থের ঘোষণা দেবেন, ভবিষ্যতে তাঁদের এই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না। আবার কোনো ধরনের তদন্তও করা হবে না।
বাজেট বক্তব্যে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘এ সুযোগটি অন্যবারের মতো নয়। এবার অবৈধ আয় প্রদর্শনের সময় জরিমানা দিতে হবে।’
এর আগে ১৯৯৭ সালে বাজেটের মাধ্যমে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। তখন প্রায় ১০ হাজার কোটি রুপি ঘোষণায় এসেছিল।
অপ্রদর্শিত বা গোপন করা অর্থ প্রদর্শনের এ সুযোগটি বর্তমান নরেন্দ্র মোদি সরকারের মেয়াদে দ্বিতীয় সুযোগ। গতবার ভিন্ন প্রেক্ষাপটে এ সুযোগ দেওয়া হয়েছিল। স্থানীয় করদাতা নন, বিদেশি সম্পদ পাচারকারীরা এ সুযোগ পান। গত অর্থবছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়া প্রতিরোধ করতে আইন করা হয়। সেখানে বিদেশে থাকা সম্পদ ঘোষণার সুযোগ দেওয়া হয়েছিল। ৯০ দিনের এ সুযোগটি শেষ হয় ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর। গতবার মোট ৪ হাজার ১৪৭ কোটি রুপির সমপরিমাণ অর্থ ঘোষণা এসেছে।
বাংলাদেশ প্রেক্ষাপট: ভারতে ১৯ বছর পর কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও বাংলাদেশে ২০ বছর ধরে প্রতিবছরই কোনো না কোনোভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে আয়কর অধ্যাদেশে ১৯ই নামে নতুন একটি ধারা সংযোজন করে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগটি স্থায়ী করা হয়। বাড়তি হিসেবে এখন কালোটাকায় ফ্ল্যাট কেনার আলাদা সুযোগ রয়েছে।
এনবিআরের সূত্রমতে, বিভিন্ন সরকারের সময়ে দেওয়া সুযোগে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার কোটি টাকা সাদা হয়েছে।
দেশে কালোটাকার পরিমাণ কত, এর কোনো সঠিক হিসাব নেই। তবে ২০১১ সালে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ছায়া অর্থনীতি নিয়ে এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৪ শতাংশের সমপরিমাণ কালোটাকা রয়েছে।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের সাড়ে তিন বছরে কালোটাকা সাদা করার কোনো সুযোগ দেওয়া হয়নি। ১৯৭৫ সালে সামরিক সরকারের আমলে বাংলাদেশে প্রথম কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের ১৯৭৭-৭৮ অর্থবছরের বাজেট ঘোষণার সময় আবারও কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়।
১৯৮১-৮২ অর্থবছরের বাজেটে একটু ভিন্নভাবে আবার কালোটাকা সাদা করার সুযোগ দেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।
এরপর এরশাদের আমলে মোট চারবার এ সুযোগ দেওয়া হয়। এরশাদ সরকারের পতনের পর বিএনপি ক্ষমতায় আসে। প্রথম বাজেট বক্তব্য দিতে গিয়েই তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কালোটাকা সাদা করার সুযোগ আর না দেওয়ার ঘোষণা দেন। তিনি তাঁর প্রতিশ্রুতি রেখেছিলেন। ১৯৯১-৯৬ মেয়াদে তিনি এ সুযোগ দেননি।
১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতিবছরই কোনো না কোনোভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর ২০০১ সালে ক্ষমতার পালাবদলে বিএনপি ক্ষমতায় আসে। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আর আগের অবস্থান ধরে রাখতে পারেননি। প্রতিবছরই কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়।
এরপর ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে উপার্জিত অপ্রদর্শিত অর্থ ঘোষণা দেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই আবার কালোটাকা সাদা করার সুযোগ দেয়।