২০ বছরের অচলায়তন এবার ভাঙবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার রাজধানী নাইরোবিতে ডব্লিউটিওর দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলনের প্রথম দিনে গতকাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বামপন্থী কর্মীরা এক সমাবেশে সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে l ছবি: এএফপি
কেনিয়ার রাজধানী নাইরোবিতে ডব্লিউটিওর দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলনের প্রথম দিনে গতকাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বামপন্থী কর্মীরা এক সমাবেশে সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে l ছবি: এএফপি

উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) কৃষি, বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থরক্ষার আশা-নিরাশায় কেনিয়ার রাজধানী নাইরোবিতে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম বাণিজ্যমন্ত্রী সম্মেলন।
চার দিনের এই সম্মেলনকে স্বাগত জানিয়ে দেওয়া এক বার্তায় কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা আশাবাদের কথাই শোনালেন। তিনি সম্মেলনটিকে ‘ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করেন। তাঁর মতে, ‘নাইরোবি সম্মেলন বিনিয়োগ-বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চূড়ান্তভাবে দারিদ্র্য বিমোচনে যথেষ্ট অবদান রাখবে।’ তিনি অবশ্য আফ্রিকার দেশগুলোর অর্থনীতিতে বৈচিত্র্য আনার বিষয়েও জোর দেন।
উহুরু কেনিয়াত্তা আরও বলেন, জাতীয়, আঞ্চলিক ও বহুজাতিক নীতিমালাগুলো হবে গুরুত্বপূর্ণ। এসব নীতি ও দেশগুলোর অবস্থান একটি পরিণতি পাবে।
ডব্লিউটিওর এই সম্মেলন উপলক্ষে নাইরোবিতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ আল-কায়েদার পূর্ব আফ্রিকান শাখা শেবাব ইতিমধ্যে কেনিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে গত মাসে পোপ ফ্রান্সিস ও জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটি সফর করেছেন।
এই সম্মেলনে সারা বিশ্বের প্রায় ৬০০ প্রতিনিধি যোগ দিয়েছেন। এই সম্মেলনের মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, মরণব্যাধি ইবোলায় আক্রান্ত লাইবেরিয়া ডব্লিউটিওতে যোগ দিতে যাচ্ছে।
ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের এই সম্মেলন এর আগে ২০১৩ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়। ১৯৯৫ সালে ডব্লিউটিওর বাণিজ্য আলোচনা শুরুর পর বালি সম্মেলনেই প্রথমবারের মতো বহুপক্ষীয় চুক্তি সম্পাদিত হয় বৈশ্বিক শুল্কব্যবস্থা সংশোধনের বিষয়ে।
ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো গতকাল সাংবাদিকদের বলেন, ‘আলোচনা শুরুর ১৮ বছর পর আমরা বালিতে প্রথমবারের মতো একটি বহুপক্ষীয় চুক্তি সই করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু দ্বিতীয় চুক্তির জন্য আমরা আরও ১৮ বছর অপেক্ষা করতে পারি না।’
তবে বিশ্লেষকেরা নাইরোবি সম্মেলনে খুব একটা আশার আলো দেখছেন না। তাঁরা মনে করেন, বালির ধারাবাহিকতায় নাইরোবি আলোচনায় গতিময়তা আসবে, তেমন লক্ষণ দেখা যাচ্ছে না।
রবার্তো আজেভেদো আরও বলেন, ‘আমরা যদি নতুন আস্থা ও সবার কাছে গ্রহণযোগ্য ভিশন বা রূপকল্প নিয়ে নাইরোবি থেকে যেতে পারি তাহলে সেটি হবে এক মৌলিক অর্জন।’
সম্মেলনে যোগ দিতে এসে কেউ কেউ ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর জন্য কৃষিপণ্য রপ্তানি ও বাণিজ্য উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হলেও সেটির ভালো পরিণতি পাওয়ার সম্ভাবনা কম।
ডব্লিউটিওর উপপরিচালক ডেভিড শার্কও বেশ আশাবাদ নিয়েই বলেন, কৃষি ও রপ্তানি খাতে ভর্তুকি, খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ধরন নিয়ে চুক্তি হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যে নতুন করে আবার আলোচনা শুরু এবং বিনিয়োগ বিধিসহ নতুন ইস্যু যোগ করার কথা বলেছে। তাই সম্মেলন নিয়ে অনেকেই আশাবাদী হতে পারছেন না। সে জন্যই তাদের প্রতি গত সপ্তাহে আরেকটি শেষ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডব্লিউটিওর মহাপরিচালক।
তবে আজেভেদো স্বীকার করেন, নাইরোবিতে সম্পাদিত হতে পারে এমন কোনো চুক্তির প্রস্তাব এখনো নেই। তবে তিনি এও বলেন, ‘সময় কম হলেও আমাদের সামনে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের সম্ভাবনা আছে। সে জন্য আমি সর্বশেষ এই সুযোগকে কাজে লাগাতে শর্ত শিথিল করা ও রাজনৈতিক সদিচ্ছা দেখানোর আহ্বান জানাই।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান ইতিমধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন, বৈশ্বিক বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে খুব সামান্যই অগ্রগতি হয়েছে।
আবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ট্রেড কমিশনার সিসিলিয়া মামস্ট্রমও গত সপ্তাহে ইইউ পার্লামেন্টকে সতর্ক করে বলেন, ‘সীমিত পরিসরেও কোনো প্যাকেজ পাওয়া বা চুক্তির সম্ভাবনা অনিশ্চিত, এমনকি তা তমসাচ্ছন্ন।’
সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান ও ডয়চে ভেলে।