২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে ৪.৪ শতাংশ

বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। কিন্তু এই দুই পরাশক্তি যেন ক্রমেই খেই হারিয়ে ফেলছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২০ সালে বিশ্বের প্রায় সব বড় অর্থনীতিরই সংকোচন হয়। সেই দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০২১ সালে অনেক দেশই ভালো করেছে। কিন্তু ২০২২ সালে বৈশ্বিক অর্থনীতি সেই গতি আবারও কিছুটা হারিয়ে ফেলবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফের পূর্বাভাস, ২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৪ দশমিক ৪ শতাংশ। আর ২০২৩ সালে তা আরও কমে দাঁড়াতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। আর ২০২১ সাল নিয়ে আইএমএফের পূর্বাভাস, গত বছর বিশ্ব প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৫ দশমিক ৯ শতাংশ।

বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসের হালনাগাদে এই তথ্য দিয়েছে আইএমএফ।

কেন প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে—এই প্রশ্নের জবাব অবশ্য খোঁজার চেষ্টা করেছে আইএমএফ। বিষয়টি হচ্ছে, বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। কিন্তু এই দুই পরাশক্তি যেন ক্রমেই খেই হারিয়ে ফেলছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৫ দশমিক ৬ শতাংশ—এরপর তা আরও কমতে থাকবে—২০২২ সালে ৪ দশমিক ৪ ও ২০২৩ সালে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ২০২০ সালে বড় অর্থনীতিগুলোর মধ্যে কেবল চীন প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারলেও গতি হারাতে শুরু করেছে। ২০২১ সালে তাদের ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এরপর তা কমে ২০২২ সালে ৪ দশমিক ৮ ও ২০২৩ সালে ৫ দশমিক ২ শতাংশ হতে পারে।

এ ছাড়া বড় দেশগুলোর মধ্যে চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৯ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে হতে পারে ৭ দশমিক ১ শতাংশ, এর পরের অর্থবছরে তা দাঁড়াতে পারে ৭ শতাংশে।

মূলত করোনাভাইরাসের অমিক্রন ধরনের বাড়বাড়ন্তের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আইএমএফ। এ কারণে অনেক দেশ ইতিমধ্যে বিধিনিষেধ জারি করেছে। সেই সঙ্গে বৈশ্বিক সরবরাহব্যবস্থার সংকট চলছেই। জ্বালানির মূল্যবৃদ্ধি তো আছেই—এ সবকিছু বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে।

তবে আইএমএফ ধারণা করছে, এ বছর চাহিদা ও সরবরাহের ব্যবধান কমে আসার মধ্য দিয়ে উচ্চ মূল্যস্ফীতির ধারা কিছুটা প্রশমিত হবে। আর কেন্দ্রীয় ব্যাংকের মূল চ্যালেঞ্জ হলো, মূল্যস্ফীতির রাশ টেনে রাখার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের পালে হাওয়া লাগানো। এই বাস্তবতায় উন্নয়নশীল দেশগুলোর যে দুটি খাতে বেশি জোর দেওয়া উচিত সেগুলো হলো, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে গণহারে কোভিড পরীক্ষা, টিকাদান ও চিকিৎসা নিশ্চিত করা গেলে করোনার রাশ টেনে ধরা সম্ভব।