২০৪টি স্টলের মধ্যে ৫৩টিই বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উপকণ্ঠে হাঁফানিয়ায় আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা প্রাঙ্গণে গত শুক্রবার শুরু হলো ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। মেলার মূল আকর্ষণ বাংলাদেশ। ২০৪টি স্টলের মধ্যে ৫৩টিই বাংলাদেশের। মেলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
ত্রিপুরা রাজ্য সরকার আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী।
মেলায় বাংলাদেশি জামদানি শাড়ির পাশাপাশি খাদ্যসামগ্রী, প্লাস্টিকের জিনিসপত্র, টাইলস, সাবান, আসবাবপত্র, নির্মাণসামগ্রী প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তপন চক্রবর্তী ত্রিপুরার শিল্প ও বাণিজ্য প্রসারে বাংলাদেশকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে উভয় দেশের শিল্পপতিদের এগিয়ে আসতে আহ্বান জানান।
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এবার বাংলাদেশি স্টলের সংখ্যা বেড়ে ৬৪ হওয়ার কথা ছিল। তবে স্টল হচ্ছে ৫৩টি। ভিসাগত সমস্যার কারণে আসতে পারেনি বাকি ১১টি প্রতিষ্ঠান।
ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের যুগ্ম পরিচালক হিমাদ্রী চৌধুরী জানিয়েছেন, গত বছর এই মেলায় ২ কোটি ৭৬ লাখ রুপির মতো ব্যবসা হয়েছিল। এবার সেই টাকার পরিমাণ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।