৪৪টি ব্যাংক হিসাবে ১০০ কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এক্সিস ব্যাংকের ৪৪টি ভুয়া হিসাব থেকে ১০০ কোটি রুপি উদ্ধার করেছেন ভারতের কর কর্মকর্তারা। গতকাল শুক্রবার ওই ব্যাংকের চাঁদনিচক শাখায় আয়কর কর্মকর্তারা তল্লাশি চালিয়ে ৪৫০ কোটি রুপির পুরোনো নোট জমা পড়েছে বলে জানতে পারে। এর মধ্যে ১০০ কোটি টাকা জমা পড়েছে ৪৪টি ভুয়া হিসাবে (অ্যাকাউন্টে)। জাল পরিচয়পত্র দিয়ে এই হিসাবগুলো খোলা হয়।

বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে টাইসম অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।

এর আগে গত সপ্তাহে এক্সিস ব্যাংকেরই কাশ্মীরি গেট শাখার দুই ম্যানেজারকে ৩ কিলোগ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও তিন ব্যক্তিকে প্রায় সাড়ে তিন কোটি টাকার নতুন নোট-সহ গ্রেপ্তার করা হয়। পরে ওই শাখার ৬ কর্মকর্তাসহ ১৯ জনকে বরখাস্ত করা হয়।

গতকাল এক্সিস ব্যাংক বিবৃতিতে জানায়, নিয়ম মেনে চলার ব্যাপারে তারা পুরোপুরি দায়বদ্ধ। কোনো কর্মী এ থেকে বিচ্যুত হলে, তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

নতুন দুই হাজার রুপির নোট ছাপার পরও সাধারণ জনতা এটিএম থেকে অর্থ পাচ্ছেন না। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নতুন নোট চলে যাচ্ছে কালো টাকার কারবারিদের হাতে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এ পর্যন্ত ১০টি ব্যাংকের ৫০ শাখায় অডিট চালিয়েছে। অডিটে দেখা গেছে, সরকারি ও বেসরকারি ব্যাংকের কিছু কর্মকর্তার মাধ্যমে কালোটাকার কারবারিরা দুই হাজার টাকার নোট পাচ্ছে।

গত ৮ জুন এক ঘোষণার মাধ্যমে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। ৩০ ডিসেম্বরের মধ্যে সব নোট বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।