৫৯টি প্রতিষ্ঠানে নাগরিকদের বিনিয়োগে বাইডেনের নতুন নিষেধাজ্ঞা
সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনের বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২ আগস্ট নতুন এই নির্বাহী আদেশ কার্যকর হবে।
মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েসহ মোট ৫৯টি প্রতিষ্ঠান এই আদেশের আওতাধীন থাকবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তবে এ আদেশের বিরুদ্ধে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেবে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই তেমন ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, ‘চীনের প্রতিষ্ঠানের অধিকার আদায় এবং বৈধ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এবং আইন অনুযায়ী তাদের সহায়তার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন।’
এর আগে মার্কিন নাগরিকদের ৩১টি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পরে আরও প্রতিষ্ঠানের নাম সংযুক্ত হতে পারে।
চীনের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের অভিযোগ, চীন আন্তর্জাতিক পর্যায়ে আগ্রাসী এবং নিজেদের দেশের ভেতরে অত্যাচারী আচরণ করছে।