৫০ ডলারে উঠল তেলের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে চলতি ২০১৬ সালে প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ মার্কিন ডলারের বেশি দামে কেনাবেচা হয়েছে। রপ্তানিকারক দেশগুলো থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় এবং চীন, ভারতসহ বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম বাড়ছে।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ব্রেন্ট সুইট লাইট ক্রুড অয়েল নামের তেল গতকাল বৃহস্পতিবার একপর্যায়ে ব্যারেলপ্রতি ৫০ দশমিক ২২ ডলারে কেনাবেচা হয়েছে।
গত বছরের নভেম্বর-পরবর্তী প্রায় সাত মাসে এটিই বৈশ্বিক বাজারে তেলের সর্বোচ্চ দাম। তবে এ বছরের গোড়ার দিকে তেলের দাম কমে প্রতি ব্যারেল মাত্র ২৮ ডলারে কেনাবেচা হয়, যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। সেই থেকে এ পর্যন্ত তেলের দাম ৮০ শতাংশ বেড়েছে।
কানাডার তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশে দাবানলের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেড়েছে। দেশটিতে দৈনিক তেল উত্তোলনের পরিমাণ প্রায় ১০ লাখ ব্যারেল কমেছে।
এ ছাড়া অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার কারণে আফ্রিকার নাইজেরিয়া থেকে রপ্তানি বিঘ্নিত হওয়ায় এবং সাম্প্রতিক মাসগুলোতে তেল উত্তোলনের পরিমাণ কমানো নিয়ে রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সঙ্গে রাশিয়ার আলোচনাও পণ্যটির দাম বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে।
এদিকে মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ২০ মে শেষ হওয়া সপ্তাহে সেই দেশে জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ ৪২ লাখ ব্যারেল কমে ৫৩ কোটি ৭১ লাখ ব্যারেলে নেমেছে।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস চলতি মাসের গোড়ার দিকে পূর্বাভাস দিয়েছে যে বিশ্ববাজারে এ বছরের দ্বিতীয়ার্ধে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারে অব্যাহত থাকবে এবং ২০১৭ সালের শেষ দিকে তা ৬০ ডলারে উন্নীত হবে।