৮০ শতাংশ কারখানারই সংস্কার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি বলেছেন, রপ্তানিমুখী ৮০ শতাংশ তৈরি কারখানার অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তাব্যবস্থা সংস্কারের মাধ্যমে উন্নতি করতে হবে।
শ্রীনিবাস রেড্ডি বলেছেন, সব পোশাক কারখানাকে সংস্কার কর্মপরিকল্পনা (ক্যাপ) নিয়ে এগিয়ে আসতে হবে। এ খাতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কোনো বিলম্ব না করে সংস্কারকাজ শেষ করা গুরুত্বপূর্ণ। শ্রীনিবাস রেড্ডি এই কথাগুলো উদ্ধৃত করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রানা প্লাজা ধসের পর জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার (এনটিএপি) অধীন ছাড়াও ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও দক্ষিণ আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে পরিদর্শন করছে। এনটিএপির অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) ১ হাজার ৪৭৫ কারখানা পরিদর্শনের প্রাথমিক কার্যক্রম শেষ। গত সোমবার সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ বলেন, ৮০ শতাংশের বেশি কারখানা নিরাপদ। আর ওই সংবাদ সম্মেলনে শ্রীনিবাস রেড্ডিও উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে শ্রীনিবাস রেড্ডি রয়টার্সকে বলেছেন, ৮০ শতাংশের বেশি কারখানা ভবন কাঠামোগতভাবে নিরাপদ। তবে এসব কারখানার অধিকাংশেরই অগ্নি ও বৈদ্যুতিক ব্যবস্থার উন্নতি করতে হবে।
গতকাল শনিবার এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘শ্রীনিবাস রেড্ডি কী বলছেন, আমি জানি না। এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে সোমবারের সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। আমাদের কারখানা পরিদর্শনে উঠে এসেছে, ৩৫ শতাংশ কারখানা সম্পূর্ণ ত্রুটিমুক্ত। ৪৭ শতাংশ কারখানায় অল্প কিছু ত্রুটি আছে। এটা বড় ইস্যু নয়। ফলে ৮০ শতাংশ কারখানার সংস্কারকাজ করতে হবে—এ বিষয়ে আমি একমত নই।’
ডিআইএফই গত সোমবার বলেছে, অ্যাকর্ড ১ হাজার ৩৫৬ ও অ্যালায়েন্স ৮২৯ পোশাক কারখানা পরিদর্শন শেষ করেছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিবেচনায় বন্ধ হয়েছে ৩৪টি। আর জাতীয় উদ্যোগের পরিদর্শনে বন্ধ হয়েছে তিনটি কারখানা।
জানতে চাইলে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন প্রথম আলোকে বলেন, ‘৮০ শতাংশ নয়, শতভাগ কারখানায় অগ্নি ও বৈদ্যুতিক ত্রুটি আছে। আমরা প্রাথমিক পরিদর্শন শেষে বলেছি, ২ শতাংশের কম কারখানা ঝুঁকিপূর্ণ পেয়েছি। যেগুলো কিনা রানা প্লাজার মতো বিপজ্জনক। তা ছাড়া ২০ শতাংশ কারখানা ভবন নিরাপদ নয়। সেগুলো মজবুত করতে হবে। তবে সব কারখানারই অগ্নি ও বৈদ্যুতিক-সংক্রান্ত বিশাল সব ত্রুটি আছে।’ তিনি জানান, গতকাল পর্যন্ত অ্যালায়েন্স ৮৩১টি কারখানার প্রাথমিক পরিদর্শন শেষ হয়েছে।
এ বিষয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘অধিকাংশ কারখানা প্রাথমিক পরিদর্শন শেষে সংস্কারকাজ শুরু করেছে। কেউ কেউ অনেক কিছু শেষ করেছে। গত সপ্তাহেই অধিদপ্তরের মহাপরিদর্শক বলেছেন, ৮০ শতাংশের বেশি কারখানা নিরাপদ। তাই ৮০ শতাংশ কারখানায় অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে হবে, সেটি কোনোভাবেই ঠিক নয়। এই সংখ্যাটি আরও কম হবে।’