৯ মাসে উবারের লোকসান ২২০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন থেকে সরে এলেও লোকসান কমেনি অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা কোম্পানি উবারের। উবার টেকনোলজিস ইনকরপোরেশন নামের এই কোম্পানি চলতি ২০১৬ বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৮০ কোটি ডলার লোকসান দিয়েছে।
এর আগের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুলাই) উবারের লোকসান ছিল ১২৭ কোটি ডলার। সব মিলিয়ে চলতি বছরের প্রথম ৯ মাসেই উবারের লোকসান দাঁড়িয়েছে ২২০ কোটি ডলারের বেশি।
উবার-সংশ্লিষ্ট একজন নাম না জানা তথ্যদাতার দেওয়া তথ্যের ভিত্তিতে উবারের লোকসানের এই খবর দিয়েছে ব্লুমবার্গসহ একাধিক বার্তা সংস্থা। প্রকাশিত সংবাদে আরও বলা হয়েছে, লোকসান বৃদ্ধির পাশাপাশি উবারের আয়ও বাড়ছে। যদিও তাদের বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন থেকে সরে আসতে হয়েছে। ২০১৬ সালের প্রথম ৯ মাসে উবারের আয় হয়েছে ৩৭৬ কোটি ডলার। মনে করা হচ্ছে, এ ধারা চলতে থাকলে এ বছর উবারের আয় ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক উবারের মোট আর্থিক মূল্য ৬ হাজার ৯০০ কোটি ডলার। আর্থিক মূল্যের দিক থেকে উবার এখন জেনারেল মোটর ও টুইটার ইনকরপোরেশনের চেয়েও বড় কোম্পানি।
কাগজে-কলমে নিষিদ্ধ থাকলেও ঢাকায় উবারের জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই এখন ব্যবহার করছেন উবারের ট্যাক্সি সেবা। উবার হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ কোম্পানি। এর বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে গোল্ডম্যান স্যাকস গ্রুপ এবং ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সিইও জেফ বেজোস।