আগ্রহ অনেক, বেচাকেনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো মাসের শেষ, তার ওপরে চলছে শিক্ষার্থীদের বছর শেষের পরীক্ষা। পাশাপাশি আছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব। এই তিনে মিলে এবারের এসএমই মেলা এখনো জমি ওঠেনি।

উদ্যোক্তারা বলছেন, এবারের মেলায় অনেক ধরনের পণ্য নিয়ে এসেছেন তাঁরা। এগুলোর প্রতি গ্রাহকেরা অনেক আগ্রহ দেখালেও আগের বছরের তুলনায় বেচাকেনা আশানুরূপ হচ্ছে না।

রাজধানীতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলছে। মেলার শুরুর দিকে দুই দিন বন্ধ থাকায় কিছুটা বেচাকেনা হয়। এরপর তা কমে যায়।

মেলায় অংশ নেওয়া শ্যামো লেদারের ব্যবস্থাপক মো. রাসেল বলেন, ‘গত বছর এক দিনে সর্বোচ্চ ৬৮ হাজার টাকার পণ্য বিক্রি করেছি, এবার ছয় দিনে মোট ৬০ হাজার টাকার পণ্যও বিক্রি করতে পারিনি। মাসের শেষে অনুষ্ঠিত হওয়ায় বেচাকেনা কম বলে জানান তিনি।’

প্রথম ছয় দিনে প্রায় আড়াই লাখ টাকার নকশিকাঁথা বিক্রি করেছে চাঁপাইনবাবগঞ্জের এসএমই প্রতিষ্ঠান চাঁপাই নকশিকাঁথা। স্টলের দায়িত্বে থাকা মো. এনামুল হক বলেন, ‘আগের মেলাগুলোতে এর চেয়ে আরও ৩০-৪০ শতাংশ পণ্য বেশি বিক্রি হতো। এবার সে তুলনায় বিক্রি কম।’

আবার অনেকে ভালো বিক্রির কথাও জানিয়েছেন। চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠান টিএএম ক্রিয়েশনের ব্যবস্থাপনা অংশীদার গোলাম মোরশেদ বলেন, এ বছর আগেরবারের তুলনায় ভালো বিক্রি হয়েছে। গত বছর সব মিলিয়ে এক লাখ টাকার পণ্য বিক্রি হয়নি, এবার বিক্রি ইতিমধ্যে এক লাখ ছাড়িয়েছে। পুরোনো গ্রাহকের পাশাপাশি অনেক নতুন গ্রাহক পাওয়ায় বিক্রি বেড়েছে বলে জানান তিনি।

তবে বেচাকেনার পরিমাণ অনেকটা নির্ভর করে পণ্যের ওপর। এই যেমন উদ্যোক্তাদের তৈরি করা পোশাক মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এরপর চামড়া, বিভিন্ন হস্তশিল্প ও হালকা প্রকৌশল পণ্য বিক্রি হচ্ছে।

ক্রেতাদের মধ্যেও আছে মিশ্র প্রতিক্রিয়া। ধানমন্ডি এলাকা থেকে মেলায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুমাইয়া জাহান। তিনি প্রায় ৮ হাজার টাকার বিভিন্ন পণ্য কিনেছেন। জানতে চাইলে সুমাইয়া প্রথম আলোকে বলেন, ‘মেলায় বিভিন্ন ধরনের পণ্য একসঙ্গে পাওয়া যায়। সে জন্য প্রতিবছর মেলায় আসি। আজ আরও কিছু পণ্য কিনব এখান থেকে।’

মিরপুর এলাকা থেকে স্ত্রী-সন্তানসহ মেলায় এসেছেন আসবাব কোম্পানির কর্মী বেলাল হোসেন। তিনি বলেন, ‘স্ত্রী ও মেয়ের জন্য পোশাক কিনতে এসেছিলাম, কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি। এমনিতে বাজারে সবকিছুর মূল্যবৃদ্ধিতে চাপে আছি। তাই মেলা থেকে এত দামে পণ্য কিনে পোষাবে না, তাই খালি হাতেই ফিরে যাচ্ছি।’

১০ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। এ বছর মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে ছয়জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়।

এসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে ২০১২ সাল থেকে জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। এখন পর্যন্ত অনুষ্ঠিত ৯টি এসএমই পণ্য মেলায় প্রায় ২ হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নিয়েছেন। জাতীয় পর্যায়ে মেলার পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়েও এসএমই পণ্য মেলা আয়োজন করা হয়।