বেক্সিমকোর মুনাফা দ্বিগুণ এক বছরের ব্যবধানে
এক বছরের ব্যবধানে বেক্সিমকো লিমিটেডের মুনাফা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। গত জুনে সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির কর-পরবর্তী শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৭ টাকা ৫৩ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ৬ টাকা ৭৯ পয়সা বা ৯০ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গতকাল বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানিটি মুনাফার হিসাবও প্রকাশ করেছে। সেখান থেকেই মুনাফার এ তথ্য পাওয়া গেছে। কোম্পানিটি গত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে আগের বছরের চেয়ে লভ্যাংশ সামান্য কমলেও কোম্পানির মুনাফায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। তবে বার্ষিক প্রতিবেদন প্রকাশ না হওয়ায় কোথায় থেকে এ মুনাফা হয়েছে, তার বিস্তারিত জানা যায়নি। বেক্সিমকো লিমিটেডের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, কোম্পানিটি গত অর্থবছর শেষে কর-পরবর্তী ১ হাজার ২৫৫ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছর যার পরিমাণ ছিল ৬৬০ কোটি টাকা।
বেক্সিমকো লিমিটেডের পাশাপাশি এ গ্রুপের তালিকাভুক্ত অপর দুটি কোম্পানিও গতকাল লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস। বেক্সিমকো ফার্মা ৩৫ শতাংশ ও শাইনপুকুর সিরামিকস ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মার লভ্যাংশ আগের বছরের মতোই রয়েছে। আর শাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ সামান্য বেড়েছে।
বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির লভ্যাংশ কম-বেশি হলেও তিন কোম্পানিরই মুনাফা বেড়েছে। গত অর্থবছর শেষে বেক্সিমকো ফার্মা ৫১৬ কোটি টাকা মুনাফা করেছে। তাতে বছর শেষে কোম্পানিটির ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। আগের বছর কোম্পানিটি মুনাফা করেছিল ৪৯৪ কোটি টাকা, ইপিএস ছিল ১১ টাকা ৮ পয়সা।
এ ছাড়া শাইনপুকুর সিরামিকস গত অর্থবছর শেষে প্রায় ৫ কোটি টাকা মুনাফা করেছে। তাতে বছর শেষে কোম্পানিটির ইপিএস বেড়ে দাঁড়ায় ৩৯ পয়সায়। আগের বছর কোম্পানিটি মুনাফা করেছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকা, ইপিএস ছিল ৩২ পয়সা।
বেক্সিমকো লিমিটেডের মুনাফায় বড় ধরনের উল্লম্ফন হলেও গতকাল বাজারে কোম্পানিটির শেয়ারের দামের তেমন কোনো হেরফের হয়নি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ১১৮ টাকা ৭০ পয়সা, যা আগের দিনের চেয়ে ২০ পয়সা কম।
এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইও গতকাল তাদের শেয়ারধারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত অর্থবছরে কোম্পানিটি প্রায় ১২৫ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা করেছে। আগের বছর এ মুনাফার পরিমাণ ছিল প্রায় ১১৩ কোটি টাকা। সেই হিসাবে আগের বছরের চেয়ে ডিএসইর মুনাফা ১২ কোটি টাকা বেড়েছে।