পাইকারিতে খোলা চিনির দাম কেজিতে চার টাকা কমেছে
চলতি সপ্তাহের শুরুতে খুচরা বাজারে মোটা ও মাঝারি চালের দাম কমার খবর পাওয়া গিয়েছিল। এবার পাইকারিতে খোলা চিনির দাম কমার খবর মিলল। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে খোলা চিনির দাম কেজিতে চার টাকার বেশি কমেছে। তবে খুচরা বাজারে এর প্রভাব এখনো পড়েনি। পাইকারি ব্যবসায়ীদের দাবি, দাম বাড়ার পর বিক্রি কমেছে। এখন দাম কমতে শুরু করায় বেচাকেনা আগের অবস্থায় ফিরতে পারে।
আজ মঙ্গলবার রাজধানীতে পাইকারি চিনি বিক্রির সবচেয়ে বড় মোকাম মৌলভীবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ব্র্যান্ডভেদে প্রতি বস্তা (৫০ কেজি) চিনি বিক্রি হয়েছে ৪ হাজার ১২০ টাকা থেকে ৪ হাজার ১৭০ টাকায়। এতে প্রতি কেজি চিনির গড় দাম দাঁড়ায় ৮২ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহে প্রতি বস্তা চিনি ৪ হাজার ৩০০ টাকার ওপরে বিক্রি হয়েছিল।
মাসখানেক আগে এই খোলা চিনির দামই প্রতি কেজি পাইকারিতে ৮৭ টাকার আশপাশে ছিল। সেই হিসাবে খোলা চিনির দাম চার টাকার বেশি কমেছে। বাজারে এখন ৩৭ কেজি চিনির অগ্রিম বিক্রি দর (এসও) যাচ্ছে ৩ হাজার টাকার আশপাশে। গাড়িভাড়া বাদে এই চিনির প্রতি কেজির দাম পড়ে ৮১ টাকা ১০ পয়সার মতো।
মৌলভীবাজারের ফজলু এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. রিফাত প্রথম আলোকে বলেন, চিনির দাম কমতে শুরু করেছে। সামনে হয়তো আরও কমবে। এই ব্যবসায়ী মনে করেন, বাজারে চিনির দাম বাড়লে বেচাকেনা কমে। গত মাসে দাম বেড়ে যাওয়ার পর চিনির ব্যবসায়ে মন্দা ভাব চলছে। দামটা কমে এলে বেচাকেনা আগের অবস্থায় আসবে বলে প্রত্যাশা এই ব্যবসায়ীর।
মৌলভীবাজারের চিনি ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার পর থেকে চিনি বিক্রি কমেছে। তাঁদের দাবি, মানুষ সাশ্রয়ী হওয়ার জন্য এসব পণ্যের ব্যবহার কমাচ্ছে। তাতে ব্যবসায়ীদের দুশ্চিন্তা বাড়ছে। এখানকার বেশ কয়েকজন চিনি ব্যবসায়ী বলেছেন, এ বছরের পবিত্র ঈদুল ফিতর থেকে কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা বেশ ভালো ছিল। তার পর থেকে চিনির ব্যবসা পড়তির দিকে। এই সময়ে অনেক দোকানে বেচাকেনা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানান ব্যবসায়ীরা।
মৌলভীবাজারের ইয়াসিন স্টোরের শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দিনে ২০ থেকে ৩০ বস্তা সাদা চিনি বিক্রি হচ্ছে। আর লাল চিনি বিক্রি হচ্ছে দু–তিন বস্তা। অথচ দাম বাড়ার আগে ব্যবসা আরও ভালো ছিল। এখন এক-চতুর্থাংশ ব্যবসা কমেছে।
নিত্যপণ্যের বাড়তি দামের কারণে সংসারের খরচ ঠিক রাখতে প্রায় সব ধরনের পণ্যে খরচের লাগাম টানছেন উল্লেখ করে মালিবাগের বাসিন্দা মাসুদুর রহমান বলেন, আগে প্রতি মাসে পাঁচ থেকে ছয় কেজি চিনি লাগত। এখন ব্যবহার কমানোয় তিন থেকে চার কেজি কিনলেই হয়।
মৌলভীবাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এস আলম, দেশবন্ধু, আবদুল মোনেম গ্রুপের ইগলু, মেঘনা গ্রুপের ফ্রেশ ও সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের খোলা চিনিই বেশি বিক্রি হচ্ছে। এসব ব্র্যান্ডের অনেক প্রতিষ্ঠান বাজারে প্যাকেটজাত চিনিও বিক্রি করে থাকে। খোলা চিনির দাম পাইকারিতে কমলেও খুচরা বাজারে প্যাকেটজাত এসব চিনির দাম চলছে প্রতি কেজি ৯৫ টাকা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের রাজধানীর বাজারদরের তালিকা বলছে, খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯০ টাকায়, যা ১ মাস আগে ছিল ৮০ থেকে ৮২ টাকা। এক মাসের ব্যবধানে চিনির দাম ১০ শতাংশের মতো বেড়েছিল। এখন তা পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি।
পণ্যের দাম কমালে খুচরা বাজারে প্রভাব পড়তে কিছুটা সময় লাগে উল্লেখ করে মগবাজারের ভাই ভাই স্টোরের মালিক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পাইকারিতে কমার সঙ্গে সঙ্গে খুচরায় দাম কমে না। কারণ, অনেক খুচরা ব্যবসায়ীর কাছে তখনো বাড়তি দামের পণ্য থেকে যায়।