দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেবে ব্র্যাক-বিইএফ

ব্র্যাক ও বিইএফ রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। আজ সোমবারছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) দেশের প্রধান প্রধান শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোয় মানবাধিকার ডিউ ডিলিজেন্স (এইচআরডিডি) ও দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ (আরবিসি) বিষয়ে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।  

এ ব্যাপারে ব্র্যাক ও বিইএফ আজ সোমবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী উভয় সংস্থা অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ মডিউল ও প্রশিক্ষক তৈরি এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।

ব্র্যাকের সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড সেফগার্ডিং প্রোগ্রামের পরিচালক জেনেফা জব্বার এবং বিইএফের মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারুক আহমেদ সমঝোতা চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশীর কবির, সাবেক সভাপতি কামরান টি রহমান, সাবেক সহসভাপতি সুস্মিতা আনিস, সাবেক পরিচালক সৈয়দ তারেক মো. আলী প্রমুখ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জার্মান সাহায্য সংস্থা জিআইজেড, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘সবার জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় নৈতিক, দায়িত্বশীল ও ভারসাম্যমূলক চর্চা পালন নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে কাজ করতে সমঝোতা চুক্তিটি করা হয়েছে।’

আসিফ সালেহ্ আরও বলেন, ‘বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। ফলে কর্মপরিবেশ ও মানবাধিকারের মতো বিষয়গুলো আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। এ জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও দায়িত্বশীল ব্যবসা চর্চার মাধ্যমে বাংলাদেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’

ব্র্যাক ও বিইএফ রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। আজ সোমবার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশীর কবির বলেন, দায়িত্বশীল ব্যবসা ও মানবাধিকার বিষয়ে অনুশীলনের মাধ্যমে ব্যবসাক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা ও ক্ষতি কমানো একটি সর্বজনীন অগ্রাধিকার হয়ে উঠেছে। এ জন্য ব্যবসা ও মানবাধিকার–সম্পর্কিত জাতিসংঘের নির্দেশিত নীতিমালা এবং উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক করপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) নির্দেশিকাগুলো অনুসরণ করা প্রয়োজন।

এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি কামরান টি রহমান বলেন, মানবাধিকার ও দায়িত্বশীল ব্যবসা নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় অনেক নিয়ম রয়েছে। তবে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের এসব নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। এ কারণে নিয়মগুলো বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। এ ক্ষেত্রে কাজ করার বড় সুযোগ রয়েছে।

সমঝোতা চুক্তি অনুসারে, ব্র্যাকের সঙ্গে যুক্ত হয়ে বিইএফ বিভিন্ন উন্নয়ন অংশীদার ও অংশীজনকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যবসা ও মানবাধিকার বিষয়ে একটি প্রশিক্ষণ মডিউল তৈরি করবে। মূলত তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, অন্যান্য উৎপাদন খাত, কৃষি প্রক্রিয়াকরণ এবং তথ্যপ্রযুক্তি খাতের জন্য এসব প্রশিক্ষণ মডিউল তৈরি করা হবে। মডিউলে আন্তর্জাতিক শ্রম আইন, শ্রমের মান ও পরিবেশগত বিধিগুলো গ্রহণের ওপর জোর দেওয়া হবে। সেই সঙ্গে খাতভিত্তিক প্রশিক্ষক তৈরির মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলোয় প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এটি একটি চলমান প্রক্রিয়া হবে। এ ছাড়া ব্যবসার ক্ষেত্রে সম্মান, ন্যায্যতা ও টেকসই সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করা হবে।