ক্রেতা নেই বাজারে, বেশির ভাগ দোকান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে ক্রেতা নেই বললেই চলে
ফাইল ছবি: প্রথম আলো

ঈদের ছুটির শেষ দিন আজ। ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। ব্যবসায়ীরাও অনেকে ঈদের ছুটিতে। তাতে ঈদের পরের দিন রাজধানীর অধিকাংশ বাজার, বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রয়েছে। তবে কোনো কোনো বাজারে দু-একটি দোকান খোলা থাকলেও ক্রেতা নেই। তাই বিক্রেতারা অলস সময় পার করছেন।

আজ রোববার রাজধানীর মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে মুদিদোকানের সিংহভাগই খোলেনি। মাছ-মাংস ও ডিমের দোকানের মধ্যে মগবাজার ও মালিবাগ বাজারে দু-একটি দোকান খুলেছে। আর কারওয়ান বাজারে গোটা দশেক মুরগির দোকান খোলা ছিল। মাছ ও ডিমের দোকান খুলেছে  হাতেগোনা কয়েকটি। মগবাজার ও মালিবাগ বাজারে সবজির দোকান খোলা ছিল কয়েকটি। কারওয়ান বাজারে সব মিলিয়ে ১০ থেকে ২০টি সবজির দোকান খোলা ছিল। কিছু কিছু দোকান খোলা থাকলেও সরবরাহ ও চাহিদা ছিল খুবই কম।

রাজধানীর তিন বাজারে পটোল, বেগুন, ঝিঙে ও ধুন্দুল প্রতি কেজির দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। করলা বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। টমেটো মানভেদে ৩০ থেকে ৪০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। মানভেদে প্রতিটি লাউয়ের দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। আর মাঝারি মানের লেবুর হালি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়।

চাহিদা না থাকলেও বাজারে কমেনি ব্রয়লার মুরগির দাম। ঈদের আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। আজও ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪০ থেকে ২৬০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৭০ টাকা বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ থেকে ২১০ টাকা। আর সোনালি মুরগির দাম ছিল ৩৩০ টাকা কেজি।

কারওয়ান বাজারের তর্ফা চিকেন ব্রয়লার হাউসের স্বত্বাধিকারী মো. মাসুদ প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগে মুরগির দাম কিছুটা বেড়েছে। বাজারে ক্রেতা না থাকায় আজ ৮০ হাজার টাকার মুরগি বিক্রি করেছি। স্বাভাবিক সময়ে প্রতিদিন দুই থেকে আড়াই লাখ টাকার মুরগি বিক্রি হয়।’

মগবাজারের ডিম বিক্রেতা সালাউদ্দিন আহমেদ জানান, সকালে দোকান খুললেও ক্রেতার অভাবে খুব একটা বেচাকেনা হয়নি। তাঁর দোকানে ফার্মের মুরগির বাদামি ও সাদা ডিম বিক্রি হচ্ছে ডজন ১২০ টাকা।

ঈদের ছুটিতে বন্ধ রয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তাই গতকালও বাজারের দরদামের তালিকা প্রকাশ করেনি সংস্থাটি। ফলে বাজারে পণ্যের দামের সরকারি তথ্য পাওয়া যায়নি। তবে ঈদের ছুটির আগে টিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চিনি। কেজি প্রতি চিনি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।

এদিকে গতকাল রাজধানীর তিনটি বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটিতে যাঁরা বাড়ি যাননি, তাঁরাই মূলত আজ দোকান খুলেছেন। খুব বেশি ক্রেতা পাবেন না জেনেও তাঁরা দোকান খুলেছেন মূলত সামান্য কিছু বিক্রির আশায়। তাতে কারও কারও আশা পূরণ হলেও বেশির ভাগ বিক্রেতার আশা পূরণ হয়নি।

কারওয়ান বাজারের মায়ের দোয়া ফল বিতানের মিন্টু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটিতে কারওয়ান বাজারে ক্রেতা কম থাকে। তারপরও দোকান খুলেছি। বেচাকেনা করার জন্য বসেছি, এমন নয়। গ্রামে ঈদ করতে যাইনি, বাসায়ও তেমন কাজ নেই। তাই দোকান খুলে কিছুটা সময় কাটিয়ে গেলাম।’