পাকিস্তানে মূল্যস্ফীতি আরও বেড়েছে, এখন ৪৭ শতাংশ ছুঁই ছুঁই
পাকিস্তানে স্বল্পমেয়াদি মূল্যস্ফীতি ২৭ এপ্রিলে সমাপ্ত সপ্তাহে তার এক বছর আগের তুলনায় ৪৬ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। দেশটির নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করে সাপ্তাহিক ভিত্তিতে মূল্যস্ফীতির এই সেনসিটিভ প্রাইজ ইনডেক্স বা এসপিআই সূচক পাকিস্তানের কর্তৃপক্ষ প্রকাশ করে।
পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ওই সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় এসপিআই সূচক শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতির কারণ, পাকিস্তানে খাদ্যের দাম আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ময়দা এবং ময়দাভিত্তিক খাবার, ফল, টমেটো, পেঁয়াজ, মাংস ও রান্নার তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়মিতভাবে বেড়ে যাওয়ার কারণে সবচেয়ে বেশি চাপে পড়েছে নির্ধারিত অঙ্কের বেতনভোগীরা। অন্যরা অবশ্য তাঁদের সেবা আর শ্রমের দাম বাড়িয়ে এবং ব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধি করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সবচেয়ে কম বেতন পান—এমন গোষ্ঠীই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
২০ এপ্রিল সমাপ্ত সপ্তাহে এসপিআই ৪৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছিল। ২০ মার্চ সমাপ্ত সপ্তাহে বেড়েছিল ৪৬ দশমিক ৬৫ শতাংশ। গত বছরের আগস্টে প্রথম এসপিআই ৪০ শতাংশ ছাড়িয়েছিল।
পবিত্র রমজান মাস শুরুর পর থেকে এসপিআই ক্রমে বাড়ছে। এ সময় রুপির অবমূল্যায়ন, পেট্রলের মূল্যবৃদ্ধি, বিক্রয় কর এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। পচনশীল পণ্যের দাম বাড়ার পেছনের একটি কারণ হিসেবে পরিবহন খরচ বৃদ্ধিকেও দায়ী করা হয়।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার এখন পর্যন্ত শুধু একটি পদক্ষেপই নিয়েছে। সেটি হলো সুদের হার বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের সর্বশেষ মুদ্রানীতিতে সুদের হার রেকর্ড ২১ শতাংশ বাড়ানো হয়।
সর্বশেষ এসপিআই হিসাব করতে ৫১টি পণ্যের মূল্য বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ২১টি পণ্যের দামই বেড়েছে। দাম কমেছে সাতটি পণ্যের। আর অপরিবর্তিত ছিল ২৩টি পণ্যের দাম।
আগের বছরের তুলনায় আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দাম বেড়েছে ময়দার, ১৭৫ শতাংশের বেশি। এরপর বেড়েছে সিগারেট, ১৪৬ শতাংশের বেশি, আলু ১১৪, গ্যাস ১০৮, চা ১০৪, ডিজেল ১০২ দশমিক ৮৪, ডিম ৯২, বাসমতী চাল প্রায় ৮৮, মুগডাল ৬৭ এবং কাপড় কাচা সাবান প্রায় ৫০ শতাংশ বেশি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি ঋণ কর্মসূচির শর্তানুযায়ী সরকার কঠিন সব পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এসবের মধ্যে রয়েছে, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভর্তুকি প্রত্যাহার, বাজারভিত্তিক বিনিময়ব্যবস্থা চালু এবং কর বৃদ্ধি।
সরকারের লক্ষ্য, এই পদক্ষেপগুলোর মাধ্যমে রাজস্ব ঘাটতি কমানো। তবে এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।