কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিনবাজারে বাণিজ্যমন্ত্রী

ঢাকার আমিন বাজারের চামড়া বিক্রয়কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী।ছবি: বাণিজ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির আজ বৃহস্পতিবার ঢাকার আমিন বাজারের চামড়া বিক্রয়কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে এ পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি কাঁচা চামড়ার ক্রেতা ও বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজার পরিস্থিতি, মূল্য, সংরক্ষণ ব্যবস্থা ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।

এ সময় খন্দকার আবদুল মুক্তাদির বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চামড়াশিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা, সিন্ডিকেট বা চামড়ার অপচয় না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।