ফ্রিজ পরিপাটি রাখার কিছু কার্যকর উপায়
রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা উম্মে সাবিহা কবির। ঘর সাজানোর বিষয়ে বেশ সচেতন তিনি। ফ্রিজ গোছানোর বিষয়ে নিজের অভিজ্ঞতা সম্পর্কে সাবিহা প্রথম আলোকে বলেন, ‘ফ্রিজকে বর্তমানে একটি যান্ত্রিক বাক্স হিসেবে ফেলে রাখার সুযোগ নেই। এটাকে যদি ঠিকমতো গুছিয়ে রাখা যায়, তবে তা যেমন ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি মনের প্রশান্তিও জোগায়’।
সাবিহা আরও বলেন, ‘বর্তমানে রেফ্রিজারেটর কেবল খাবার সংরক্ষণের আধার নয়, বরং রান্নাঘরের আভিজাত্যের অন্যতম অনুষঙ্গ। তবে এই আভিজাত্য বজায় রাখতে প্রয়োজন বাইরের পরিপাটি নকশা আর ভেতরের বিজ্ঞানসম্মত বিন্যাস।’
বাহির যখন অন্দরমহলের দর্পণ
একটি ফ্রিজের বাহ্যিক রূপ পুরো রান্নাঘরের আবহাওয়া বদলে দিতে পারে। বর্তমানে মিনিমালিস্টিক বা ছিমছাম ডিজাইনের ফ্রিজগুলোর কদর বেশি। স্টেইনলেস স্টিল কিংবা গ্লাস ডোর ফিনিশযুক্ত ফ্রিজগুলোতে আলোর প্রতিফলন রান্নাঘরকে আরও বড় ও উজ্জ্বল দেখায়।
উম্মে সাবিহা কবির জানান, ফ্রিজের দরজায় একগাদা স্টিকার বা অপ্রয়োজনীয় কাগজের নোট আটকে রাখলে তা দেখতে যেমন ঘিঞ্জি লাগে, তেমনি আভিজাত্যও নষ্ট হয়। তাই এক্সটেরিয়র ডিজাইন হতে হবে একদম নিপাট। হাতল বা হ্যান্ডলে যদি নকশা করা ফেব্রিক কভার ব্যবহার করা হয়, তবে তা যন্ত্রটিতে একধরনের ঘরোয়া ও স্নিগ্ধ ছোঁয়া নিয়ে আসে।
সাজানোর জাদুকরি বিজ্ঞান
ফ্রিজের প্রতিটি স্তরে তাপমাত্রা ভিন্ন থাকে, যা অধিকাংশ সময় আমাদের অগোচরেই থেকে যায়। সংশ্লিষ্টদের মতে, ফ্রিজের ওপরের তলা বা ‘আপার শেলফে’ এমন খাবার রাখা উচিত, যা সরাসরি খাওয়া যায়, যেমন মিষ্টি কিংবা বেঁচে যাওয়া রান্না করা খাবার। মাঝামাঝি স্তরে দুগ্ধজাত পণ্য রাখা নিরাপদ।
সবচেয়ে বড় ভুলটি হয় মাছ ও মাংস রাখার ক্ষেত্রে। এগুলো ফ্রিজের সবচেয়ে শীতলতম অংশ অর্থাৎ একদম নিচের তাকে রাখা উচিত, যাতে এ থেকে নির্গত কোনো তরল অন্য কোনো খাবারে পড়তে না পারে। আবার সবজি ও ফলের জন্য আলাদা ড্রয়ার ব্যবহার করা জরুরি। কারণ, অনেক ফল থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়, যা পাশের সবজিটিকে দ্রুত নষ্ট করে ফেলতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ছোট ছোট চৌকো স্বচ্ছ কনটেইনার ব্যবহার করলে জায়গার অপচয় হয় না এবং বাইরে থেকেই সহজে সবকিছু দেখা যায়।
সতেজতায় বাতাসের ভূমিকা
ফ্রিজ গোছানোর ক্ষেত্রে আমরা অনেক সময় একটি সাধারণ ভুল করে ফেলি—জায়গা খালি থাকলেই তা ঠাসাঠাসি করে ভরাট করা। ফ্রিজের ভেতরে বাতাস চলাচলের জন্য নির্দিষ্ট ফাঁকা জায়গা রাখাটা খুব জরুরি। যদি ধারণক্ষমতার চেয়ে বেশি খাবার ঢুকিয়ে রাখেন, তবে ভেতরের এয়ার সার্কুলেশন ঠিকমতো হবে না। এতে ফ্রিজের নির্দিষ্ট কিছু অংশে তাপমাত্রা বেড়ে যায় এবং খাবার দ্রুত পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
বাইরে থেকে ফিটফাট দেখালেও ফ্রিজের দরজা খুললে অনেক সময় ভ্যাপসা বা কটু গন্ধ নাকে আসে। সংশ্লিষ্টদের মতে, এটি আপনার রান্নাঘরের আভিজাত্য একনিমেষেই নষ্ট করে দিতে পারে। এ ছাড়া মাছ বা মাংস সব সময় এয়ারটাইট বক্সে রাখা এবং পচনশীল শাকসবজি ধোয়ার পর পানি পুরোপুরি শুকিয়ে তবেই ফ্রিজে তোলা উচিত। এতে স্যাঁতসেঁতে ভাব বা ফাঙ্গাস পড়ার ভয় থাকে না।
শৃঙ্খলায় স্বস্তি
ফ্রিজের ভেতরটাকে গোলকধাঁধা না বানিয়ে বরং প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ রাখা বুদ্ধিমানের কাজ। গোল পাত্রের চেয়ে চারকোনা পাত্র ব্যবহারে জায়গার সাশ্রয় হয় বেশি। অনেক সময় ফ্রিজের একদম পেছনের কোনায় কী আছে, তা আমাদের চোখের আড়ালে থেকে যায়। এ ক্ষেত্রে একটি ঘূর্ণায়মান ট্রে বা ‘লেজি সুসান’ ব্যবহার করলে হাতের স্পর্শেই পেছনের জিনিস সামনে চলে আসে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফ্রিজ গুছিয়ে রাখলে তা শুধু খাদ্যের অপচয় কমায় না বরং দৈনন্দিন ব্যস্ততায় সময় বাঁচায়। বাইরের আভিজাত্য আর ভেতরের পরিপাটি শৃঙ্খলা—এই দুইয়ের সমন্বয়েই একটি সাধারণ ফ্রিজ হয়ে উঠতে পারে আধুনিক গৃহস্থালির অনন্য উদাহরণ।