দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রপ্তানি আয়ের প্রতি ডলারের বিপরীতে অতিরিক্ত ৫০ পয়সা দেওয়ার বিশেষ সুবিধা জানুয়ারি মাসের জন্যও প্রযোজ্য হবে।
এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের রপ্তানি আয় নগদায়নের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়েছিল।
বেসরকারি ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে যেসব রপ্তানি হয়েছে, তার আয় ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে আনা হলে প্রতি ডলারের বিপরীতে ৫০ পয়সা অতিরিক্ত দেওয়া হবে; অর্থাৎ এ ক্ষেত্রে রপ্তানিকারকেরা ডলারপ্রতি ১০৩ দশমিক ৫০ টাকা পাবেন।
এর আগে ১ ফেব্রুয়ারি রপ্তানি বিল নগদায়নে সর্বশেষবার ডলারের দর বেঁধে দেওয়া হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল যে রপ্তানি আয় নগদায়নে ডলারপ্রতি ১০৩ টাকা দেবে ব্যাংকগুলো। এর আগে দেওয়া হতো ১০২ টাকা।
তবে এই বাড়তি ৫০ পয়সা দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনের নির্বাহী সচিব আবুল হাশেম।
আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি এমন সিদ্ধান্ত হয়েছে। ব্যাংক যদি মনে করে, তারা ডলারপ্রতি ১০৩ দশমিক ৫০ টাকা দিতে পারে। তবে বিষয়টি বাধ্যতামূলক নয়।’
আবুল হাশেম আরও বলেন, বাফেদা ও এবিবি সাধারণত বাজার পর্যালোচনা করে বিনিময় হারের গতি-প্রকৃতি দেখে এবং তারপর যৌথ সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
১ ফেব্রুয়ারি সর্বশেষবার যখন রপ্তানি বিল নগদায়নে ডলারের দর বেঁধে দেওয়া হয়েছিল, তখন রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ১০৭ টাকা অপরিবর্তিত রাখা হয়। ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাফেদা ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির যৌথ সভায়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত এপ্রিল থেকে দেশে ডলার-সংকট শুরু হয়। সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বেঁধে দিলে সংকট আরও প্রকট হয়। এরপর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদাকে। এর পর থেকে দুই সংগঠনের নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের দর নির্ধারণ করে আসছেন।