দুই দিনের ব্যবধানে খোলা চিনির দাম বেড়েছে ৫-৭ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিনি
ফাইল ছবি

গত সপ্তাহে ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিনির দাম বাড়ানোর প্রস্তাব দেন। ওই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখার আগেই বাজারে বেড়েছে চিনির দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে চিনির দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। চাল, মুরগি ও মুরগির ডিমের বাজারও অস্থিতিশীল।

গতকাল শনিবার রাজধানীর মৌলভীবাজারে পাইকারিতে খোলা চিনি বিক্রি হয়েছে ৮৭ টাকা কেজি। খরচসহ কারওয়ান বাজারে সেই চিনি বিক্রি হয়েছে ৯০ টাকায়। এক সপ্তাহ আগেই এসব দোকানে পাইকারিতে চিনি বিক্রি হয়েছিল প্রতি কেজি ৮১ থেকে ৮২ টাকায়। গত বৃহস্পতিবার দাম ছিল ৮৩ থেকে ৮৫ টাকা। অবশ্য প্যাকেটজাত চিনি ৮৫ টাকা কেজির আশপাশে মিলছে। তবে বাজারে এই চিনির সরবরাহ কম।

টিসিবির গতকালের বাজারদরের তালিকায়ও চিনির দাম বাড়ার এই চিত্র মিলেছে। টিসিবির হিসাবে, ঢাকার বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ৮২ থেকে ৯০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও ছিল ৮০ থেকে ৮২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে টিসিবির হিসাবে চিনির দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।

এদিকে বাজারে দুই ধরনের চালের দাম কেজিতে আরও দুই টাকা বেড়েছে। এর মধ্যে রয়েছে বিআর২৮-এর কেজি ৫৮ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর ভালো মানের মিনিকেট চালে আরও দুই টাকা বেড়ে হয়েছে ৭২ টাকা। বাজারে চিনিগুঁড়া চালের দামও আরেক দফা বেড়েছে। এতে ১১৫ থেকে ১১৬ টাকার এক কেজি চিনিগুঁড়া চাল এখন ৪ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

কারওয়ান বাজারের রব স্টোরের নাঈম হাসান প্রথম আলোকে বলেন, চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। বেড়েছে চিনির দামও। প্রায় সব পণ্যের দাম বাড়তি। বাজার ঠিক কোন দিকে এগোচ্ছে, সেটা আন্দাজ করা যাচ্ছে না।

এদিকে রাজধানীতে মুরগি ও মুরগির ডিমের বাজার বেশ অস্থিতিশীল। পাইকারি বাজারেই মুরগির কেজি এখন ১৯০ থেকে ২০০ টাকা। আর ডিম বিক্রি হচ্ছে পাইকারিতে ৫০ টাকা হালি।