নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ভালো করলেও এখনো শিশুদের মধ্যে অণুপুষ্টিকণার ঘাটতি আছে। দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী উল্লেখযোগ্য শিশু ‘অপুষ্টি’, অর্থাৎ জিংক, আয়োডিন ও ভিটামিনের অভাব এবং আয়রনঘাটতির রক্তস্বল্পতায় ভুগছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে শিশুদের অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা সংস্থা বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) নেসলে বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে।

বিসিএসআইআর ও নেসলে বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ভিত্তিতে বিসিএসআইআর পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজসমৃদ্ধ শস্যভিত্তিক ফরটিফায়ার তৈরি করেছে। এটি ঘরের যেকোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায়, এবং তাতে খাদ্যের পুষ্টিমান আরও উন্নত হয়। এ নতুন উদ্ভাবিত ফরটিফায়ার বাজারজাত করতে নেসলে বাংলাদেশ এবং বিসিএসআইআর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে। শিগগিরই এ পণ্য সারা দেশে পাওয়া যাবে এবং শিশুদের অপুষ্টি দূর করতে সাহায্য করবে বলে আশাবাদী বিসিএসআইআর।

বিসিএসআইআরের চেয়ারম্যান মো. আফতাব আলী শেখ অনুষ্ঠানে বলেন, ‘নেসলের সঙ্গে এ ধরনের যৌথ সহযোগিতা দেশের পুষ্টি খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশাবাদী।’ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মোহাম্মদ জাকের হোসেন, সদস্য (উন্নয়ন), বিসিএসআইআর। নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা এই যৌথ উদ্যোগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিশেষ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএসআইআর ও নেসলে বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত ছিলেন।