অ-আর্থিক প্রতিষ্ঠানকেও দিতে হবে সন্দেহজনক লেনদেনের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই বিশ্বজুড়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন হচ্ছে, তা নয়। একই ঘটনা ঘটছে অ-আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও। আর তাই এ ধরনের কাজে আইনজীবী, হিসাববিজ্ঞানীসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণী ও ব্যবসায়ী গোষ্ঠী অজ্ঞাতসারেই জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) সুপারিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশেও এসব অ-আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাই তুলনামূলক জবাবদিহির আওতায় আনা হচ্ছে। এর ফলে সংস্থা বা সমিতিগুলো নিজ সদস্যদের সন্দেহজনক তথ্য বাধ্যতামূলকভাবে সরকারের কাছে দাখিল করবে।তবে প্রতিষ্ঠানগুলো কীভাবে ও কী পরিপালন করবে, তার জন্য আগামী দুই মাসের মধ্যে একটি নীতিমালা প্রণয়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়। এতে সহায়তা দেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।নীতিমালাটি প্রণয়ন করতে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি একটি ফোকাস গ্রুপ গঠন করেছে। বাণিজ্য সংগঠন পরিচালক (ডিটিও) জাবেদ আহমেদ এ গ্রুপের প্রধান। আগামী জুনের মধ্যে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে পৃথক বৈঠক করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় সমন্বয় কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়কে ফোকাস গ্রুপ করতে বলা হয়েছিল।অ-আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার কার্যপত্রে বলা হয়েছে, ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নকারীদের কাছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচিত। তবে বর্তমানে বিশ্বব্যাপী অ-আর্থিক প্রতিষ্ঠান এবং পেশাজীবীদেরও মানি লন্ডাররা তাদের অবৈধ অর্থ বৈধ করার কাজে ব্যবহার করছে। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের জন্য ব্যবহূত হতে পারে এমন অ-আর্থিক প্রতিষ্ঠান এবং পেশাজীবীদের ডেজিগনেটেড নন-ফাইন্যান্সিয়াল বিজনেসেস অ্যান্ড প্রফেশনস (ডিএনএফবিপিএস) প্রতিবেদন প্রদানকারী সংস্থা হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।’আইনি বাধ্যবাধকতা: মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(ব) ধারায় বলা হয়েছে, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস বাংলাদেশ (আইসিএবি), বাংলাদেশ বার কাউন্সিল, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো) ইত্যাদি সংস্থাকে তাদের আওতাধীন প্রতিষ্ঠানের সন্দেহজনক তথ্যসংবলিত প্রতিবেদন পাঠাতে হবে।এফএটিএফের ২৩ নম্বর সুপারিশেও অ-আর্থিক প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সন্দেহজনক তথ্য পাঠানোর কথা বলা হয়েছে। ওই সুপারিশে বলা হয়েছে, আইনজীবী, নোটারি ও হিসাবরক্ষক তার গ্রাহকের তথ্য দাখিল করবে। মূল্যবান ধাতু বা পাথরের ব্যবসায়ী এবং ট্রাস্ট ও কোম্পানি তৈরিতে সহায়তাকারী প্রতিষ্ঠান গ্রাহকদের সন্দেহজনক লেনদেনের তথ্যসংবলিত প্রতিবেদন দাখিল করবে। এফএটিএফের সংশ্লিষ্ট সুপারিশের সঙ্গে সংগতি রেখেই মানি লন্ডারিং আইন করা হয়েছে।কোন সংস্থা কী করবে: ডিএনএফবিপিএসভুক্ত প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আবাসন কোম্পানি, মূল্যবান ধাতু বা পাথরের ব্যবসাপ্রতিষ্ঠান, ট্রাস্ট ও কোম্পানি সেবা প্রদানকারী, হিসাববিজ্ঞানী, আইনজীবী ও নোটারি।জমি, বাসা, বাণিজ্যিক ভবন বা ফ্ল্যাট নির্মাণ বা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ করবে রিহ্যাব এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। স্বর্ণ, হীরক, মূল্যবান পাথর ইত্যাদি ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ করবে বাজুস ও রেজসকো। ট্রাস্ট ও কোম্পানি সেবাদানকারীদের তথ্য সংরক্ষণ করবে রেজসকো।এ ছাড়া আইনজীবী ও নোটারি পাবলিকদের তথ্য বার কাউন্সিল এবং হিসাববিজ্ঞানীদের তথ্য সংরক্ষণ করবে আইসিএবি। তথ্য সংরক্ষণকারী সংস্থাগুলো এরপর প্রতিবেদন পাঠাবে বিএফআইইউর কাছে।ঝুঁকিতে বাংলাদেশ: সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে কোন দেশ কী পদক্ষেপ নিয়েছে, তার ভিত্তিতে একটি মান নির্ধারণ করে এফএটিএফ। এই সংস্থার ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড (আইসিআরজি) অনুযায়ী, বাংলাদেশ ‘কালো’ তালিকাভুক্তির আগের ধাপ ‘ধূসর’ পর্যায়ে রয়েছে। বাংলাদেশকে এ পর্যায় থেকে উত্তরণ ঘটাতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে মত উঠে আসে। জানা গেছে, আইসিআরজির বিদ্যমান তালিকা থেকে বের হয়ে আসার অংশ হিসেবেই জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির তাগিদেই এর মধ্যে সংশোধন করা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং অধ্যাদেশ। সম্প্রতি মন্ত্রিসভা ব্যাংক কোম্পানি আইন সংশোধনের জন্য অনুমোদন দিয়েছে।যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অ-আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক দেশেই সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিং হচ্ছে। বাংলাদেশেও হয়ে থাকতে পারে। তবে নীতিমালাটি প্রণীত হলে মানি লন্ডারিং অনেকাংশেই প্রতিরোধ যেমন সম্ভব হবে, কেউ করে থাকলে তা ধরাও সহজ হবে।’