অ-বাসমতি চাল ও পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ভারত নিষেধাজ্ঞা তুলে নিল
ভারতে পেঁয়াজ ও অ-বাসমতি চালের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা আপাতত কর্ণাটকের রোজ প্রজাতির পেঁয়াজ ও কয়েক ধরনের অ-বাসমতি চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। ভারতের কেন্দ্রীয় সরকার ২০০৮ সালে অ-বাসমতি চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আর দাম বেড়ে যাওয়ায় ২০১০ সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিও নিষিদ্ধ করা হয়।তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ভারত সরকার প্রতি টন অ-বাসমতি চাল ৮৫০ ডলারে রপ্তানির অনুমতি দিয়েছে।এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার ইতিমধ্যে দেশের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের কী পরিমাণ চাহিদা ও উৎপাদনের সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। ওই প্রতিবেদন পাওয়ার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোন কোন জাতের পেঁয়াজ, কী পরিমাণে রপ্তানি করা যাবে।