অংশ নিতে পারবে কি না জানতে চায় গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত টুজি (দ্বিতীয়) তরঙ্গ নিলামে অংশ নিতে পারবে কি না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে তা জানতে চেয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। দুই অপারেটর রবি ও এয়ারটেল একীভূত (মার্জ) হয়ে গেলে পরিবর্তিত পরিস্থিতিতে টুজির তরঙ্গ নিলামে অংশগ্রহণের বিষয়ে সংশয় তৈরি হওয়ায় এ বিষয়ে বিটিআরসির কাছে লিখিতভাবে জানতে চেয়েছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী ৯০০ এবং ১ হাজার ৮০০ মেগাহার্টজ অর্থাৎ টুজি ব্যান্ডে যেসব অপারেটরের ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ আছে তারা প্রাথমিক নিলামে অংশ নিতে পারবে না। বর্তমানে টুজি ব্যান্ডে গ্রামীণফোনের কাছে আছে ২২ মেগাহার্টজ তরঙ্গ।
এদিকে, রবি ও এয়ারটেল একীভূত হলে টুজি ব্যান্ডে তাদের সম্মিলিত তরঙ্গের পরিমাণ দাঁড়াবে ২৯ দশমিক ৮ মেগাহার্টজ। সেই হিসাবে তারাও টুজি তরঙ্গের প্রাথমিক নিলামে অংশ নেওয়ার যোগ্যতা হারাবে। সে ক্ষেত্রে বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের মধ্যে টুজি নিলামে অংশ নেওয়ার মতো একমাত্র যোগ্য প্রতিষ্ঠান থাকে বাংলালিংক। প্রতিষ্ঠানটির টুজি ব্যান্ডে ১৫ মেগাহার্টজ তরঙ্গ আছে।
এ অবস্থায় গ্রামীণফোন আগের মতোই অংশ নেওয়ার অযোগ্য থাকবে, নাকি নিলামে অংশ নিতে পারবে—সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা চেয়েছে প্রতিষ্ঠানটি। বিটিআরসি চেয়ারম্যানের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ সচিবকেও চিঠি দেওয়া হয়েছে। গ্রামীণফোন চিঠিতে বলেছে, একীভূত হলে প্রতি ১০ লাখ গ্রাহককে সেবা দিতে রবি ও এয়ারটেলের হাতে থাকবে ১ দশমিক ১ মেগাহার্টজ তরঙ্গ। আর প্রতি ১০ লাখ গ্রাহককে সেবা দিতে গ্রামীণফোন পাবে দশমিক ৬ মেগাহার্টজ।
চলতি বছরের এপ্রিলে টুজি ও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) বাড়তি তরঙ্গ নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছিল বিটিআরসি। কিন্তু অপারেটরদের আপত্তির কারণে কয়েক দফা পিছিয়ে সেই তরঙ্গ নিলাম এখনো সম্পন্ন হয়নি।
এদিকে গত সেপ্টেম্বরে এক হওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে রবি ও এয়ারটেল। প্রতিষ্ঠান দুটি এক হয়ে গেলে টুজি ও থ্রিজি মিলিয়ে তাদের সম্মিলিত তরঙ্গের পরিমাণ দাঁড়াবে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ, যা সব মোবাইল ফোন অপারেটরের মধ্যে সর্বোচ্চ। আর টুজি ও থ্রিজি মিলিয়ে গ্রামীণফোনের আছে ৩২ মেগাহার্টজ তরঙ্গ।