পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’-এর মূল উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করেছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের এক সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আজই (বুধবার) সহ-উদ্যোক্তাদের চিঠি দেওয়া হবে। তাঁদের পর্ষদ সভায় নিজ নিজ প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয়টি অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আবেদন করা হবে।’এসইসির অনুমোদনের পরপরই তহবিলটি বাজারে আসবে। আইসিবির চেয়ারম্যান মো. খায়রুল হোসেন বলেন, ‘বাজারে স্থিতিশীলতা আনতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে আমরা একটি তহবিল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছি। বাজারের সংকটকালে এই তহবিল থেকে শেয়ার কেনা হবে, আবার বিক্রিও করা হবে।’আইসিবি, চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) যৌথভাবে এ তহবিলটি গঠন করবে। তবে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও এতে অংশ নিতে পারবে।