অংশীজনদের রবি ধন্যবাদ দিল
মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলের একীভূতকরণ প্রক্রিয়া সফল করতে সহযোগিতার জন্য স্টেকহোল্ডার বা অংশীজনদের ধন্যবাদ জানিয়েছে রবি আজিয়াটা। এ জন্য অপারেটরটি গত শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে ।
রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আর বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন ও রেজাউল হাসানসহ টেলিযোগাযোগ খাত-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ। রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘রবি সব সময় বলে আসছে গ্রাহকদের স্বার্থেই এই একীভূতকরণ। কারণ, টেকসই ব্যবসায়িক পরিবেশের নিশ্চয়তা পেলেই একটি অপারেটর উদ্ভাবনী পণ্য ও সেবা বৃদ্ধির জন্য আরও বিনিয়োগ করবে, এতে লাভবান হবেন গ্রাহকেরাই। আমাদের শুধু প্রয়োজন আপনাদের অব্যাহত সহযোগিতা ও প্রেরণা।’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘এই একীভূতকরণের ফলে একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি
হবে, যাতে গ্রাহকেরা লাভবান হবেন। আমার বিশ্বাস, একীভূত কোম্পানি হিসেবে রবি দেশের টেলিযোগাযোগ বাজারকে আরও সমৃদ্ধ করতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবে।’