অংশীদারত্বে আসতে বাধা কাটল আইএফসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংকের মালিকানায় ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) আসার অনিশ্চয়তা কেটে গেছে। গত ৩১ মে বাংলাদেশ ব্যাংক, আইএফসি ও সিটি ব্যাংকের ত্রিপক্ষীয় সভার পরই বিষয়টি চূড়ান্ত হয়। এর ফলে আগামী তিন মাসের মধ্যেই সিটি ব্যাংকের পর্ষদে বসবেন বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রতিষ্ঠান আইএফসির দুজন পরিচালক।

এরই মধ্যে আইএফসি শেয়ার কেনার জন্য অর্থ জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তারা ব্যাংকটিকে আন্তর্জাতিক মানে নিতে সহায়তা করবে বলে আশা করছেন সিটি ব্যাংকের কর্মকর্তারা। এর ফলে প্রথমবারের মতো বিশ্বব্যাংক গোষ্ঠীর কোনো প্রতিনিধি দেশীয় কোনো ব্যাংকের পর্ষদে বসার সুযোগ পাবেন। এতে করে ব্যাংকটি আন্তর্জাতিক রূপ লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানা গেছে, সিটি ব্যাংকের মালিকানায় আসতে বেশ কিছু শর্ত বেঁধে দেয় আইএফসি। সে অনুযায়ী ব্যাংকটি সংঘবিধিতে পরিবর্তন আনে। তবে কেন্দ্রীয় ব্যাংক তাতে অনুমোদন না দিয়ে দীর্ঘদিন আটকে রাখে। অবশেষে গত ২৮ মার্চ সংঘবিধির বেশ কিছু ধারায় পরিবর্তনের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে আইএফসির চাহিদামতো ধারা পরিবর্তন না হওয়ায় প্রক্রিয়াটা থমকে যায়।

এ নিয়ে গত ৩১ মে বাংলাদেশ ব্যাংক, আইএফসি ও সিটি ব্যাংকের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইনের সঙ্গে সংগতি রেখে যেকোনো পরিবর্তনে তাদের আপত্তি নেই। সে অনুযায়ী পরিবর্তন আনার জন্য বলা হয় সিটি ব্যাংককে। আইএফসিও এতে একমত পোষণ করে। বাংলাদেশ ব্যাংকও চাইছে, ব্যাংকটির সুশাসন বজায় রাখতে আইএফসির প্রতিনিধি পর্ষদে আসুক। এতে করে ব্যাংকটির কার্যক্রমে উন্নতি ঘটবে।

গত ১৯ জুন সিটি ব্যাংক এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংককে বলেছে, ‘আমরা সংঘবিধিতে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছি। সিটি ব্যাংক ও আইএফসিও নিজেদের চুক্তি পুনর্বিবেচনা করছে। দ্রুত সময়ের মধ্যে আমরা আইএফসির জন্য নতুন শেয়ার ইস্যু করব।’

দ্য সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ার কেনার জন্য ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি চুক্তি করে আইএফসি। চুক্তির শর্ত মানতে গিয়ে ব্যাংকটি সংঘবিধির ৫০-এরও বেশি ধারা সংশোধন করে।

চুক্তি অনুযায়ী ব্যাংকটির ইস্যুকৃত নতুন ৫ শতাংশ শেয়ার কিনবে আইএফসি। ২৮ টাকা ৩০ পয়সা হিসেবে ১৩১ কোটি ৭৬ লাখ টাকায় এই শেয়ার কেনা হবে। ব্যাংকটির ৪ কোটি ৬৫ লাখ শেয়ার পাবে আইএফসি। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য ও ১৮ টাকা ৩০ পয়সা প্রিমিয়াম বা অধিমূল্য। এতে সিটি ব্যাংকের প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা হয়েছে ১৮ টাকা ৩০ পয়সা। ৫ শতাংশ শেয়ারের বিপরীতে আইএফসির দুজন পরিচালক থাকবেন সিটি ব্যাংকে। এ ছাড়া সিটি ব্যাংককে তিন বছর মেয়াদে ২ কোটি ডলার (১৬০ কোটি টাকা) ইকুইটিতে রূপান্তরযোগ্য ঋণ দেবে আইএফসি।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ‘শেয়ার হস্তান্তর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। শিগগির পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ফলে সিটি ব্যাংকে আন্তর্জাতিক মানের ব্যাংকিং চর্চা শুরু হবে। পাশাপাশি ব্যাংকটির পরিচালনা ব্যবস্থাপনাও উন্নত হবে।’