অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের অক্টোবরে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। এর ফলে ২০১৪-১৫ অর্থবছর শুরু হওয়ার পর থেকে চার মাসে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির হার কমল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে মাসওয়ারি ভিত্তিতে (পয়েন্ট টু পয়েন্ট) মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। আর সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে এই হার ছিল যথাক্রমে ৬ দশমিক ৮৪ শতাংশ, ৬ দশমিক ৯১ ও ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। ২০০৫-০৬ ভিত্তিবছর ধরেই শুধু এই মূল্যস্ফীতি গণনা করা হয়েছে।
বিবিএস গতকাল বৃহস্পতিবার অক্টোবর পর্যন্ত হালনাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশ করে। এ উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।
সহজ করে বলা যায়, ভোক্তা আগের চেয়ে বেশি দামে পণ্য কিনলে মূল্যস্ফীতি হয়। মূল্যস্ফীতির সঙ্গে সংগতিপূর্ণ আয় না বাড়লে ভোক্তারা চাপে থাকেন। বিশেষ করে সীমিত আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ে।
মাসওয়ারি (পয়েন্ট টু পয়েন্ট) হিসাবের বাইরেও পণ্যের মূল্যবৃদ্ধির আরেকটি বিশ্লেষণ দিয়েছে বিবিএস। এ বছরের সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসে বিভিন্ন পণ্যের দাম কতটা হ্রাস-বৃদ্ধি হয়েছে, সেটা দেখানো হয়েছে। সেখানে দেখা গেছে, চাল, মাছ-মাংস, শাকসবজি, ফল, দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের দাম সমন্বিতভাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দশমিক ৭১ শতাংশ বেড়েছে। এ পণ্যগুলোই খাদ্য উপখাতের জন্য বিবিএসের তৈরি করা তালিকায় নেতৃত্ব দিচ্ছে। এসব পণ্যের বাইরে অন্য খাদ্যপণ্যগুলোর কোনো হিসাব বিবিএস দেয়নি। অর্থাৎ ধরে নেওয়া যায় যে খাদ্যের মূল্যস্ফীতি নির্ণয়ে যেসব খাদ্যপণ্যের দর বিবেচিত হয়, তার বেশির ভাগের দাম না বেড়ে কমেছে। সার্বিকভাবে অক্টোবর মাসে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ। আর সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত উপখাতে রয়েছে পরিধেয় বস্ত্রাদি, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা। বিবিএসের বিশ্লেষণে দেখা গেছে, খাদ্যবহির্ভূত কিছু পণ্যে গত সেপ্টেম্বরের চেয়ে অক্টোবর মাসে দাম বেড়েছে দশমিক ৬৭ শতাংশ। সার্বিকভাবে অক্টোবর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৭৪ শতাংশ হয়েছে। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম কমছে। তাই দেশে মূল্যস্ফীতির বৃদ্ধির হার নিম্নমুখী রয়েছে। আগামী তিন মাসেও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হবে না।
বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল মনে করেন, চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশের আশপাশে থাকবে। উল্লেখ্য, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আলোচ্য সময়কালে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির প্রভাব বেশি। গত অক্টোবরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৭৯ শতাংশ। গ্রামে এই হার ৬ দশমিক ৪৯ শতাংশ।