অক্টোবরে মোবাইল সংযোগ বেড়েছে ১৬ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী বছরের অক্টোবরে মুঠোফোনে সংযোগের সংখ্যা বেড়েছে ১৬ লাখ ৪১ হাজার। একই সময়ে ইন্টারনেটের সংযোগসংখ্যা বেড়েছে এক লাখ। মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে মুঠোফোন সংযোগসংখ্যা সবচেয়ে বেড়েছে গ্রামীণফোনের। আগের মাসের চেয়ে ৭ লাখ ২১ হাজার বেড়ে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা এখন ৫ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার। এর পরেই আছে রবি। এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়া রবির সংযোগসংখ্যা অক্টোবরে ৫ লাখ ৯৩ হাজার বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৪ লাখ ২৭ হাজার। তবে এয়ারটেলের সংযোগসংখ্যা এ সময়ে ৫৩ হাজার কমে ৭৭ লাখ ২৫ হাজার হয়েছে। একই সময়ে বাংলালিংকের সংযোগসংখ্যা ৫ লাখ ৯ হাজার বেড়ে ২ কোটি ৯৯ লাখ ৮০ হাজার হয়েছে।

এদিকে সরকারি অপারেটর টেলিটকের সংযোগসংখ্যা অক্টোবরে ১ লাখ ২৯ হাজার কমেছে, দাঁড়িয়েছে ২৮ লাখ ৬০ হাজার হয়েছে। অক্টোবরে সিটিসেলের সংযোগসংখ্যা প্রকাশ করেনি বিটিআরসি।

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রক্রিয়ার কারণে বছরজুড়ে কমলেও সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসে মুঠোফোনের সংযোগের সংখ্যা বেড়েছে ৩০ লাখ বেড়েছে।

এ ছাড়া অক্টোবরে দেশে ইন্টারনেটের সংযোগের সংখ্যা ৬ কোটি ৬৮ লাখ থেকে বেড়ে ৬ কোটি ৬৯ লাখ হয়েছে। এ প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে মুঠোফোনভিত্তিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে। এ সময়ে মুঠোফোনে ইন্টারনেট সংযোগ ৬ কোটি ২৯ লাখ থেকে বেড়ে ৬ কোটি ৩০ লাখ হয়েছে। সেপ্টেম্বরে আইএসপি ও পিএসটিএন ইন্টারনেটের সংযোগ বেড়েছে মাত্র পাঁচ হাজার।