অক্টোবরে এপিআই শিল্পপার্কের ভিত্তিফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস্তবায়নাধীন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়ান্ট (এপিআই) শিল্পপার্কের ভিত্তিফলক অক্টোবরে উন্মোচন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের  ভিত্তিফলক উন্মোচন করবেন।

আজ বুধবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে এপিআই শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন ও স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এ কথা জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিএপিআইয়ের মহাসচিব আবদুল মুক্তাদির, উপদেষ্টা এস এম শফিউজ্জামানসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিসিক ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মধ্যে নবায়নকৃত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। বিসিকের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিএপিআইয়ের পক্ষে সংগঠনের সভাপতি সালমান এফ রহমান চুক্তিতে সই করেন।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৩৩১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মোট ২০০ একর জমিতে শিল্পপার্ক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের জমি অধিগ্রহণ, মাটি ভরাটসহ ভূমি উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। পরিবেশবান্ধব ওষুধশিল্পের কাঁচামাল উত্পাদনের জন্য প্রকল্পের আওতায় ৮০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), ইনসিনেরেটর ও ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করা হবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এর নির্মাণ ব্যয় বহন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিল্পপার্কে ওষুধ শিল্পের কাঁচামাল উত্পাদনে সক্ষম ৪২টি শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হবে। এর ফলে প্রত্যক্ষভাবে ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।