অক্টোবরে ভারতে গাড়ি বিক্রির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ভারতে বিভিন্ন গাড়ি বিক্রিতে রেকর্ড সৃষ্টি হয়েছে। এই মাসে মারুতি-সুজুকি, হুন্দাই ও টাটাসহ সব কোম্পানির প্রচুরসংখ্যক গাড়ি বিক্রি হয়েছে। শুধু চার চাকার গাড়িই নয়, সেই সঙ্গে দ্বি-চক্রযান অর্থাৎ মোটরসাইকেল বিক্রিতেও রেকর্ড হয়েছে।অক্টোবর ও নভেম্বর মাসে ভারতজুড়ে দুর্গাপূজা, রাম নবমী ও হোলি বা দিওয়ালি (দীপাবলি) ইত্যাদি উৎসব থাকায় গাড়ি ক্রয়ের ধুম পড়ে বলে মনে করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী অক্টোবরে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে মারুতি-সুজুকির। তাদের মোট গাড়ি বিক্রি হয়েছে এক লাখ ১৮ হাজার ৯০৮টি, যা এর আগের সেপ্টেম্বর মাসের চেয়ে ৩৯ দশমিক ২১ শতাংশ বেশি। এই সংস্থা এই প্রথম এক মাসে এক লাখের বেশি গাড়ি বিক্রির রেকর্ড গড়ল।অন্যদিকে হুন্দাই কোম্পানি মোট গাড়ি বিক্রি করেছে ৩৪ হাজার ৭২৫টি, যা আগের মাসের তুলনায় ২২ দশমিক ৭০ শতাংশ বেশি। টাটা মোটরস মোট গাড়ি বিক্রি করেছে ৬৪ হাজার ৭৫৭টি। আগের মাসের চেয়ে তাদের বিক্রি বেড়েছে ২১ দশমিক ২৬ শতাংশ। আর মাহীন্দ্র অ্যান্ড মাহীন্দ্রের গাড়ি বিক্রি বেড়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ। তাদের গাড়ি বিক্রি হয়েছে ১৫ হাজার ৯০৮টি।দ্বিগুণ বিক্রি হয়েছে ফোর্ডের গাড়িও। তারা বিক্রি করেছে নয় হাজার ২৬টি গাড়ি। এ ছাড়া জেনারেল মোটরস এবং টয়োটার বিক্রি বেড়েছে যথাক্রমে ৩৫ দশমিক ৫৯ এবং ১৬ দশমিক ৮৫ শতাংশ। জেনারেল মোটরস বিক্রি করেছে ১০ হাজার ৫১টি গাড়ি। এদিকে দ্বি-চক্রযান বা মোটরসাইকেল বিক্রিতে রেকর্ড করেছে হিরো হোন্ডা। তারা এই প্রথমবারের মতো এক মাসে বিক্রি করেছে পাঁচ লাখ পাঁচ হাজার ৫৫৩টি মোটরসাইকেল, যা আগের মাসের তুলনায় ৪২ দশমিক ৭৫ শতাংশ বেশি। এ ছাড়া টিভিএস, ইন্ডিয়া ইয়ামাহা এবং সুজুকি কোম্পানির মোটরসাইকেলের বিক্রিও বেড়েছে যথাক্রমে ৪৬, ১৯ দশমিক ২১ এবং ৬০ দশমিক ৫১ শতাংশ। আর হোন্ডা ও মাহীন্দ্রর দ্বি-চক্রযানের বিক্রি বেড়েছে যথাক্রমে দ্বিগুণ ও তিনগুণ।