অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন মাস ৭ শতাংশের ওপর ও ঊর্ধ্বমুখী থাকার পর চলতি ২০১০-১১ অর্থবছরের চতুর্থ মাসে (অক্টোবর) এসে দেশে জাতীয় মূল্যস্ফীতির হার খানিকটা নিম্নমুখী হয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যানুসারে, চলতি বছরের অক্টোবর মাসে ভোক্তার মূল্যসূচক ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতির হার হয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ, আর সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৭ দশমিক ৬১ শতাংশ।অন্যদিকে গত বছর অক্টোবর মাসে (পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে) জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৭১ শতাংশ।তবে চলতি অক্টোবর মাসে এসেও বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৭ শতাংশের ওপর রয়ে গেছে। আর গত বছর অক্টোবরে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ১১ শতাংশ। বিবিএসের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, অক্টোবর মাসে মূলত খাদ্য মূল্যস্ফীতির হার কিছুটা কমে আসায়, সার্বিক মূল্যস্ফীতির হারও নিম্নমুখী হয়েছে।অক্টোবরে জাতীয় পর্যায়ে খাদ্যের মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৪৩ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।অবশ্য অক্টোবরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার সামান্য বেড়ে হয়েছে ৩ দশমিক ৮২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ছিল ৩ দশমিক ৬৯ শতাংশ।মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়ার পেছনে একাধিক বিষয় কাজ করেছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে একটি হলো আমদানিজনিত মূল্যস্ফীতি কিছুটা কমে যাওয়া।বাংলাদেশ বিশ্ববাজার থেকে ভালো পরিমাণে খাদ্যসামগ্রী আমদানি করে এবং এর উল্লেখযোগ্য অংশ আসে প্রতিবেশী দেশ ভারত থেকে। এখন ভারতে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার জুলাই মাসের পর থেকে ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এবং পরবর্তী সময়ে অক্টোবর পর্যন্ত নিম্নমুখী হয়েছে, যা বাংলাদেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব ফেলেছে।আবার সেপ্টেম্বর মাসে রমজান ও ঈদকে কেন্দ্র করে খাদ্যপণ্যের বাজার বেশ চড়া হয়েছিল, যা ঈদের পর কিছুটা স্তিমিত হয়। অক্টোবরে খাদ্যের মূল্যস্ফীতিতে এর খানিকটা প্রতিফলন দেখা গেছে। তৃতীয়ত, সরকার খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে চাল-ডাল বিক্রয়ের কার্যক্রম জোরদার করেছে, যা বাজারের ওপর সাময়িকভাবে হলেও প্রভাব ফেলেছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে তারল্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে আগস্ট মাসে দুটি নীতিনির্ধারণী হার বাড়িয়ে দেয়। রেপোর হার সাড়ে ৪ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৫ শতাংশ এবং রিভার্স রেপোর হার আড়াই শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৩ শতাংশ করা হয়। এই দুটি উপাদানের প্রলম্বিত প্রভাবে বাজারে মুদ্রা সরবরাহ খানিকটা কমেছে বলে ধারণা করা যায়। যা মূল্যস্ফীতিকে নিম্নমুখী রাখতে সহায়তা করেছে। বিবিএসের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতিজনিত চাপ এখনো বেশি রয়ে গেছে।অক্টোবর মাসে গ্রামে যেখানে সামগ্রিক মূল্যস্ফীতির হার হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ, সেখানে শহরাঞ্চলে এই হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ।একইভাবে শহরের তুলনায় গ্রামে খাদ্যের মূল্যস্ফীতির হার বেশি রয়েছে, যার মানে হলো গ্রামের মানুষকে খাদ্যের জন্য অধিকতর ব্যয় করতে হচ্ছে।বিবিএসের উপাত্ত অনুসারে, অক্টোবরে পল্লি এলাকায় খাদ্যের মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ, যেখানে শহরাঞ্চলে এই হার ছিল ৬ দশমিক ৮৩ শতাংশ।অবশ্য সেপ্টেম্বর মাসে উভয় এলাকাতেই খাদ্যের মূল্যস্ফীতির হার আরও বেশি ছিল। সে সময় গ্রামে খাদ্যের মূল্যস্ফীতির হার হয় সাড়ে ১০ শতাংশ, যেখানে শহরে খাদ্যের মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৮ শতাংশ।অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির ক্ষেত্রে দেখা যায়, শহর ও গ্রাম—উভয় অঞ্চলেই এই হার বেড়েছে। তুলনামূলকভাবে বেড়েছে শহরে।সেপ্টেম্বরে যেখানে গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ৬৯ শতাংশ। সেখানে অক্টোবরে তা বেড়ে হয়েছে ৩ দশমিক ৭৬ শতাংশ। আর শহরে এই হার সেপ্টেম্বরের ৩ দশমিক ৬৭ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে হয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ।অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের বার্ষিক গড় মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশের মধ্যে বেঁধে রাখার বিষয়ে আশাবাদী। কিন্তু মূল্যস্ফীতির বর্তমান প্রবণতায় বছর শেষে এই লক্ষ্যমাত্রা কতটা অর্জন করা যাবে, তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে।