পোশাকশ্রমিকদের দাবি নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। একই সঙ্গে তাঁরা বলেছেন, মালিকপক্ষের ৬০০ টাকার প্রস্তাব শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এ জন্যই শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছেন।
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত স্কপের কার্যালয়ে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্কপের নেতারা। এ সময় তাঁরা পোশাকশিল্পের অস্থিরতা নিরসন করতে অক্টোবরের মধ্যে নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ। তিনি বলেন, ‘নারী শ্রমিকদের নিয়ে হেফাজতে ইসলামের বক্তব্য আমরা সমর্থন করিনি। তীব্র প্রতিবাদ জানিয়েছি। একই সঙ্গে সরকারের একজন মন্ত্রী হঠাৎ করে শ্রমিক সমাবেশ করে মজুরি বৃদ্ধির দাবি জানানোর বিষয়টিকেও আমরা সমর্থন করিনি। আবার মালিকপক্ষ মাত্র ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিল, এটাও অযৌক্তিক।’
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, শ্রমিকদের দাবি ভিন্ন খাতে নিতেই বিজিএমইএ ষড়যন্ত্রের কথা বলে।
মজুরি বাড়ালে কারখানা বন্ধ হয়ে যাবে না মন্তব্য করে রাজেকুজ্জামান আরও বলেন, গত কয়েক বছরে কারখানার সংখ্যা কমলেও শ্রমিক নিয়োগের সংখ্যা বেড়েছে। একসময় ৬০০ শ্রমিক নিয়ে শুরু হওয়া সিনহা গার্মেন্টসে এখন কাজ করে ৬৪ হাজার শ্রমিক। আসলে বড় পুঁজির কারখানাগুলোই ছোট পুঁজির কারখানাগুলোকে গিলে খায়।
৭০ শতাংশ কারখানারই ৬০০ টাকার বেশি মজুরি বৃদ্ধির সক্ষমতা নেই। বিজিএমইএর এমন দাবির প্রসঙ্গে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক কথা। এসব কারখানা কর্মপরিবেশ বা কমপ্লায়েন্স মানে না, কিন্তু বড় বড় ক্রেতাদের কাজ ঠিকই সাবকন্ট্রাক্টে বা ঠিকায় করছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কপের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।