অক্টোবরের মধ্যেই এসইসির নিজস্ব তদারকি ব্যবস্থা
চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে বাজার তদারকির জন্য নিজস্ব সার্ভিল্যান্স সিস্টেম বা তদারকি ব্যবস্থা চালু করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) মিলনায়তনে এক সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন এ কথা বলেন।ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএম যৌথভাবে গত বছর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল। ওই কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে গতকাল সনদ বিতরণ করা হয়।বিআইসিএমের নির্বাহী সভাপতি আবদুল হান্নান জোয়ার্দারের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী। এতে আরও বক্তব্য দেন সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান ও বিআইসিএমের পরিচালক মোল্লা মনসুর আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।এসইসির চেয়ারম্যান বলেন, বর্তমান পরিবর্তিত বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ক্ষেত্রে পুঁজিবাজারের কোনো বিকল্প নেই। বিশ্বব্যাপী শিল্পের বিকাশের ক্ষেত্রে এখন ব্যাংকঋণের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও সহজ অর্থায়নব্যবস্থা জনপ্রিয় হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল লক্ষ্য সামনে রেখে বাংলাদেশেও পুঁজিবাজারের বিকাশে কাজ করছে এসইসি। এ জন্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধানগুলো আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে। এম খায়রুল হোসেন আরও বলেন, পুঁজিবাজারে স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের লেখনীর কারণেই বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে অধিক মনোযোগী ও সতর্ক থাকেন। তবে পুঁজিবাজারের মতো অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোরও কোনো বিকল্প নেই।পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।বাজার-পরিস্থিতি: সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ২৮৫ পয়েন্টে। এ দিন ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৫ শতাংশেরই দাম বেড়েছে। গতকাল ডিএসইতে ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৭টিরই দাম বেড়েছে, কমেছে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১৬টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৩৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারে ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫১টিরই দাম বেড়েছে, কমেছে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সার্বিক মূল্যসূচক প্রায় ১৫০ পয়েন্ট বেড়ে আবারও ১৩ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। গতকাল সিএসইতে প্রায় ৩০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।