অক্টোবরের মূল্যস্ফীতি এক হিসাবে কমেছে, আরেক হিসাবে বেড়েছে
২০০৫-০৬-কে ভিত্তিবছর ধরে হিসাব করলে অক্টোবর মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। কিন্তু পুরোনো অর্থাৎ ১৯৯৫-৯৬-কে ভিত্তিবছর ধরলে এ সময় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। নতুন ভিত্তিবছরে অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। এর আগের মাসে যা ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। আর ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরলে অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। সেপ্টেম্বর মাসে পুরোনো ভিত্তিবছর ধরে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে গত অক্টোবর মাসের মূল্যস্ফীতি-পরিস্থিতি প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মহাপরিচালক মিজানুর রহমান, পরিচালক সত্যরঞ্জন মণ্ডল প্রমুখ। দুই ভিত্তিবছরে মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধিতে হেরফের হওয়া প্রসঙ্গে সত্যরঞ্জন মণ্ডল বলেন, বিষয়টি ব্যাখ্যা করা মুশকিল। দুই ভিত্তিবছরের জন্য আলাদা পণ্যতালিকা রয়েছে। আর এসব পণ্যের ভারীত্ব (ওয়েট) দিয়ে মূল্যস্ফীতি নিরূপণ করা হয়। অনেক পণ্য রয়েছে, যা আগের ভিত্তিবছরের পণ্যতালিকায় ছিল না। যেমন- মোবাইল ফোন, বোতলজাত পানি। নতুন ভিত্তিবছরের হিসাবে এসব পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অক্টোবর মাসে আটা, ডাল, শাকসবজি, ফল, ভোজ্যতেল, দুধ, তামাকজাতীয় পণ্যসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম আগের মাসের তুলনায় বেড়েছে। খাদ্যপণ্যে সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৭৩ শতাংশ। আর একইভাবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৪৫ শতাংশ। আর দাম বেড়েছে পরিধেয় বস্ত্র, বিদ্যুৎ ও বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, পরিবহন ব্যয়, বিবিধ দ্রব্য ও সেবা ইত্যাদি খাতে। বিবিএসের হিসাবমতে, ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে গত অক্টোবর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে ৫ দশমিক ৫৭ শতাংশ হয়েছে। এর আগের মাসে এই হার ছিল ৬ দশমিক ১৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার কিছুটা বেড়ে হয়েছে ১০ দশমিক ৪৬ শতাংশ। আগের মাসে ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ। আর ২০০৫-০৬ ভিত্তিবছরে অক্টোবর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ, আগের মাসে এই হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যে অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ২৮ শতাংশ। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ১০ দশমিক ১৮ শতাংশ। একইভাবে দুই ভিত্তিবছরেই অক্টোবর মাসে গ্রামের চেয়ে শহর এলাকার মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি পড়েছে। ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৩২ শতাংশ। আর গ্রামে এই হার ৬ দশমিক ৭৮ শতাংশ। এদিকে ২০০৫-০৬ ভিত্তিবছরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৭ দশমিক ২৬ শতাংশ। আর গ্রামে এই হার ৫ দশমিক ১৪ শতাংশ। প্রসঙ্গত, ২০০৫-০৬ ভিত্তিবছরের পণ্যতালিকায় পল্লি ও শহর এলাকার জন্য যথাক্রমে ১৩৬টি ও ১৫১টি পণ্য যোগ হয়েছে। এর মধ্যে আগের ভিত্তিবছর থেকে মোট ৬৪টি পণ্য বাদ দেওয়া হয়েছে। এর ফলে পল্লি এলাকার পণ্যতালিকায় পণ্যের সংখ্যা ৩১৮, আর শহর এলাকায় পণ্যতালিকায় এই সংখ্যা ৪২২। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তৃতীয় অর্থনৈতিক শুমারি হবে। অকৃষিমূলক খাতগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার জন্য এই শুমারি হচ্ছে। ১৯৮৬ সালে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। জাতীয় আয় ও সামগ্রিক অর্থনীতির অন্য কর্মকাণ্ডের হিসাব নিরূপণ এবং হালনাগাদ বেঞ্চমার্ক তথ্য সরবরাহ, শিল্পগত বিন্যাস, জনবল ও মালিকানার ধরন পাওয়া যাবে এই শুমারির মাধ্যমে।