ক্যাপিটাল কিং, স্ফিং ফাইন্যান্স, ওয়ান ক্লিক রিসোর্স—এমন নানা প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের ঋণ প্রস্তাব আসছে দেশের উদ্যোক্তাদের কাছে। কম সুদে বড় অঙ্কের ঋণের আশায় ব্যবসায়ীরাও ছুটছেন এদের পেছনে। পরে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানগুলোই ভুয়া। এর মধ্যে সার্ভিস চার্জ ও যোগাযোগ বাবদ অর্থ ব্যয় করে ফেলছেন ব্যবসায়ীরা।
তথ্যমতে, সিঙ্গাপুরের কোম্পানি ওয়ান ক্লিক রিসোর্স বাংলাদেশের ভূঁইয়া ওয়ার্ম টেক্স লিমিটেডকে ১৫ কোটি ডলার (১২০ কোটি টাকা) ঋণ দিতে চায়। ঋণের মেয়াদ ১ বছর গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর। সুদের হার মাত্র আড়াই শতাংশ। ভূঁইয়া ওয়ার্ম টেক্স ইসলামী ব্যাংকের গ্রাহক। তবে বিনিয়োগ বোর্ড ঋণদাতা প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি।
একইভাবে প্রীতি গ্রুপ ক্যাপিটাল কিং থেকে ২ কোটি ৭০ লাখ ডলার ঋণ নিতে বিনিয়োগ বোর্ডে আবেদন করে। ক্রমান্বয়ে তারা ক্যাপিটাল কিং থেকে ১০০ মিলিয়ন ডলার ঋণ নিতে চায়। তবে বিনিয়োগ বোর্ড এ ঋণদাতা প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় তাদের প্রস্তাবটিও বাতিল করে দিয়েছে। প্রীতি গ্রুপকে স্থানীয়ভাবে সহায়তা করেছে ওয়ান ব্যাংক। স্ফিং ফাইন্যান্স থেকে ঋণ নিতে চায় কনকর্ড ফার্মা। তবে ঋণদাতা প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় প্রস্তাবটি বাতিল করে দেয় বিনিয়োগ বোর্ড।
জানা গেছে, সাধারণত ঋণ নেওয়া হয়ে থাকে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ও নেদারল্যান্ডসের এফএমও, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, প্রোপার্কো, ইসিএ কনভার্টেবল ঋণ এবং বিভিন্ন দেশি-বিদেশি ব্যাংকের অফশোর ইউনিট থেকে। তবে সাম্প্রতিক সময়ে অখ্যাত কিছু প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের প্রস্তাব আসছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশের বাইরে বিশেষ করে সিঙ্গাপুরে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা বড় অঙ্কের ঋণ প্রদানের প্রস্তাব দিচ্ছে। পরে ঋণ প্রদানের নামে সার্ভিস চার্জ পাঠাতে বলে। এরপরই সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবেই ঋণ প্রদানের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ ব্যাংকের সতর্কতা: প্রশ্নবিদ্ধ এবং সুপরিচিত নয় এমন বিদেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় অর্থায়ন প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, অনেক সময় বাংলাদেশি উদ্যোক্তারা লাইসেন্সধারী নয়, এমন বিদেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনিয়োগ জোগানের প্রলোভন পান। এসব অর্থায়ন প্রস্তাব বেশির ভাগ সময় অস্বচ্ছ এবং অসম্পূর্ণ হয়। তা ছাড়া এসব অর্থায়ন অপরাধমূলক বা সন্ত্রাসমূলক তৎপরতার উৎস কি না, সে বিষয়েও স্পষ্ট বোঝা যায় না। প্রাথমিক ব্যয়ের নামে কিছু অর্থ আদায় করে বিদেশিরা। অনেক ক্ষেত্রে প্রতারিত হন গ্রাহকেরা। এসব অর্থায়ন সম্পর্কে যথার্থতা যাচাই করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঝুঁকিপূর্ণ এসব বিনিয়োগ প্রস্তাব সম্পর্কে সব নির্বাহীর পাশাপাশি গ্রাহকদের মাঝে সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। আগামী দুই সপ্তাহের মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে।