অগ্নি ও নৌবিমায় আগের ট্যারিফ হার বহালের দাবি
অগ্নি ও নৌবিমার ট্যারিফ হার বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগের হার বহাল রাখার পাশাপাশি পোশাক কারখানাগুলোর জন্য ১০ শতাংশ ছাড় বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এসব দাবি জানিয়েছে।বিজিএমইএ বলেছে, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও অন্যান্য ব্যবসায়িক সংগঠনের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিমা কর্তৃপক্ষ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। উভয় সিদ্ধান্তই পোশাকশিল্পের স্বার্থ পরিপন্থী। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সেন্ট্রাল রেটিং কমিটি আমদানি ও রপ্তানির ক্ষেত্রে এ হার নির্ধারণ করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, তৈরি পোশাকশিল্প সংকটের মধ্যে আছে। আন্তর্জাতিক বাজারে তুলাসহ বিভিন্ন কাঁচামালের মূল্যবৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতা ও মূল্যবৃদ্ধি, উৎসে আয়কর ৫০ শতাংশ বাড়ানো, ব্যাংকের সুদের হার বৃদ্ধি, দুর্বল অবকাঠামোসহ বেশকিছু কারণে এ শিল্পে ব্যবসা পরিচালনা-ব্যয় বহু গুণে বেড়ে গেছে। এ অবস্থায় আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ছাড়ে বিমা করার সুবিধা বাতিল করা হলে পোশাকশিল্পের প্রতিযোগী-সক্ষমতা কমে যাবে বলে তিনি উল্লেখ করেন।তবে গত মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় ট্যারিফের হার বৃদ্ধির বিষয়ে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, ‘প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। হার মোটেই বাড়ানো হয়নি। কিছু গোষ্ঠী সুবিধা পেত। সমান সুযোগের ক্ষেত্র তৈরির জন্য তা বন্ধ করে দেওয়া হয়েছে।’