বৈদ্যুতিক তারে আগুন লাগলেও সহজে তা ছড়িয়ে যাবে না। তাতে আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটির সম্ভাবনা যেমন কমবে, তেমনি আগুন বড় আকারে ছড়িয়ে যাওয়ার আগেই তা নেভানোর জন্যও পর্যাপ্ত সময় মিলবে। একই সুবিধা পাওয়া যাবে কাঠ বা বোর্ডে।
অবশ্য এ জন্য বৈদ্যুতিক তার, কাঠ বা বোর্ডে লাগাতে হবে ন্যানো প্রযুক্তির একধরনের প্রলেপ, যা স্প্রে করে লাগানো হয়। এটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। আর এটি এনেছে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ন্যানো গ্রিন ওয়ার্ল্ড।
রাজধানীতে বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএ কার্যালয় মিলনায়তনে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্নিকাণ্ড প্রতিরোধে এই যন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং। আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি এস এম মান্নান, শহিদুল্লাহ আজিম প্রমুখ।
গ্রিন ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এডি হোসর্টম্যান এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জন নিকস বলেন, অগ্নিনির্বাপণ যন্ত্র স্প্রিংকলার প্রায়ই বিশেষজ্ঞ দিয়ে রক্ষণাবেক্ষণ করতে হয়। আবার স্প্রিংকলার দীর্ঘদিন বন্ধ থাকলে বিভিন্ন যন্ত্রপাতি অকেজো হয়ে যায়। এ ক্ষেত্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এসব যন্ত্র বা জিনিসপত্রে ‘ফায়ার রিটারডান্ট কোটিং’ ব্যবহার করাটা অনেক বেশি সাশ্রয়ী।
অবশ্য এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বুয়েটের অধ্যাপক মো. মাকসুদ হেলালী। তিনি বলেন, স্প্রিংকলারের সঙ্গে কোটিং বা প্রলেপ তুলনা করলে হবে না। কারণ, প্রথমটি নির্বাপক ও দ্বিতীয়টি প্রতিরোধক। কোটিং ব্যবহার করলে আগুন সহজে ছড়াবে না এবং নেভাতে সময় বেশি পাওয়া যাবে। ফলে এই পদ্ধতি দেশের কারখানায় ব্যবহার করা হবে
কি না, সেটি নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করতে হবে। কারণ, ইতিমধ্যে কারখানাগুলোতে অগ্নিপ্রতিরোধক অনেক যন্ত্রাংশই ব্যবহার করা হচ্ছে।
আতিকুল ইসলাম বলেন, ‘তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধস পোশাকশিল্পের জন্য টার্নিং পয়েন্ট। এই দুই ঘটনার পর আমাদের পোশাকশিল্পে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পের সবাই একটি প্রক্রিয়ার মধ্যে
দিয়ে যাচ্ছে। বিজিএমইএ এ বিষয়ে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে বাংলাদেশে এসেছে ন্যানো প্রযুক্তি। এটি যদি আমাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তবে অবশ্যই আমরা গ্রহণ করব।’