অগ্নিনিরাপত্তার চুক্তি চেয়েছে তিন আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন
শ্রম অধিকারবিষয়ক তিনটি আন্তর্জাতিক সংগঠন বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের পোশাক কারখানায় অগ্নি ও ভবন নিরাপত্তা প্রতিরোধবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে।ঢাকায় স্মার্ট এক্সপোর্ট লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় গত শনিবার অগ্নিকাণ্ডে সাতজন শ্রমিকের প্রাণহানির পরপরই এই আহ্বান জানানো হয়।আন্তর্জাতিক শ্রম অধিকার ফোরাম (আইএলআরএফ), ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) ও ক্লিন ক্লথস ক্যাম্পেইন (সিসিসি) গতকাল এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়।ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার দুই মাসের মাথায় আরেকটি অগ্নিকাণ্ড ও সাতজন শ্রমিকের প্রাণহানি হলো। এই ঘটনায় প্রতীয়মান হয়, তেমন কিছুই পরিবর্তন হয়নি। দুই দশকের বেশি সময় ধরে তৈরি পোশাক খাতে অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে জানার পরও তেমন কোনো অগ্রগতি হয়নি।বিবৃতিতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে বাংলাদেশ থেকে পোশাক ক্রয়কারী সব বৈশ্বিক ক্রেতা ও ব্র্যান্ড প্রতিষ্ঠানকে অগ্নি ও ভবন নিরাপত্তাবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়।এতে ডব্লিউআরসির নির্বাহী পরিচালক স্কট নোভার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘বাংলাদেশের পোশাকশিল্পকে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সংস্কারে অর্থ ব্যয় করতে ওয়ালমার্ট, জিএপি, এইচঅ্যান্ডএম ও অন্য বড় ক্রেতাদের প্রতিশ্রুতি পেতে হলে আর কত শ্রমিকের প্রাণ বিসর্জন দিতে হবে?’এতে আরও বলা হয়, অতীতে যতগুলো ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিকের প্রাণহানি ঘটেছে, তার সব কটিতে বাংলাদেশের প্রধান ক্রেতারা জড়িত ছিল। কিন্তু তারা শ্রমিকের নিরাপত্তার জন্য পদ্ধতিগত পরিবর্তন আনতে সম্মত হয়নি।সংগঠন তিনটি স্মার্ট এক্সপোর্ট লিমিটেডে প্রাণহানির জন্য এর ক্রেতাদের দায় নিয়ে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে।