অগ্নিনিরাপত্তার সরঞ্জামের প্রদর্শনী আজ শুরু
দেশে প্রথমবারের অগ্নি ও ভবন নিরাপত্তার সরঞ্জামের প্রদর্শনী শুরু হচ্ছে আজ রোববার। দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি স্টল থাকবে।
‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি’ শীর্ষক প্রদর্শনীটি বসছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। তৈরি পোশাকশিল্প মালিক সমিতি বিজিএমইএ, ক্রেতাদের জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্স, সিএন্ডএ ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং এলিভেট নামক এক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে প্রদর্শনীটির আয়োজন করছে।
বিজিএমইএর কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি শহিদুল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ, অ্যালায়েন্সের ঢাকা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন এবং অ্যাকর্ডের প্রতিনিধিরা।
আতিকুল ইসলাম বলেন, পোশাক কারখানার মালিকেরা ভবন, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তাসংক্রান্ত সরঞ্জাম সম্পর্কে কম জানেন। তাঁদের সচেতন করার জন্যই এ প্রদর্শনী। এতে উন্নত মানসম্পন্ন বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হবে, যা কারখানা কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য মালিকদের সহায়তা করবে।
মেসবাহ রবিন বলেন, রানা প্লাজা ধসের পর কর্মপরিবেশ উন্নত ও নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। পরিদর্শন শেষে বিভিন্ন সংস্কার করার প্রয়োজন হবে। তখন অনেক ধরনের সরঞ্জাম লাগবে। প্রদর্শনীতে উন্নত মানসম্পন্ন যন্ত্রপাতি প্রদর্শিত করা হবে, যাতে করে মালিকেরা এ বিষয়ে ধারণা পান।