অগ্নিনির্বাপক যন্ত্র আমদানিতে শুল্ক ছাড়ের দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নতি ও শ্রমিকদের জীবনমান নিশ্চিত করতে অগ্নিনির্বাপক বিভিন্ন যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের দাবি জানিয়েছে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভাকক্ষে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের জন্য খাতভিত্তিক প্রাক-বাজেট আলোচনায় এমনই দাবি জানান বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।

এনবিআরের সদস্য মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এই প্রাক-বাজেট আলোচনায় পোশাক ও পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। তাঁরা আগামী বাজেটে শুল্ক, কর, মূসক হ্রাসসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

আতিকুল ইসলাম জানান, রানা প্লাজা ধসের পর পোশাক খাত চ্যালেঞ্জের মুখে আছে। বিদেশি ক্রেতাদের দুই জোট অ্যার্কড ও অ্যালায়েন্সের পরিদর্শন ও নির্দেশনার পর কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। এগুলো দ্রুত অন্য জায়গায় স্থানান্তর এবং প্রস্তাবিত পোশাকপল্লিতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ইস্পাতের (প্রি ফেব্রিকেটেড ব্লিডিং) ভবন নির্মাণ করতে হবে। সে জন্য এসব যন্ত্রপাতি শুল্কমুক্ত আমদানির সুযোগ দিতে হবে।

এ ছাড়া বিজিএমইএ সভাপতি জানান, এলইডি বাল্ব আমদানিতে বর্তমানে ৩১ শতাংশ, হর্স পাইপ ৬১ শতাংশ ও ফায়ার ডোর আমদানিতে শুল্ক ছাড় দিলেও ১৫ শতাংশ মূসক (মূল্য সংযোজন কর) আরোপ করা আছে। এতে পোশাক কারখানার মালিকদের অগ্নিনির্বাপণ যন্ত্র আমদানিতে হিমশিম খেতে হচ্ছে। এতে হুমকির মুখে পড়বে পোশাকশিল্প। এমন দাবি করে এসব পণ্য আমদানিতে শুল্ক ও মূসক শতভাগ ছাড়ের দাবি করেন তিনি।

বর্তমানে রপ্তানি পণ্য উত্পাদন পর্যায়ে গ্যাস ও বিদ্যুত্ বিলের ওপর ৮০ শতাংশ এবং পানির বিলের ওপর ৬০ শতাংশ হারে মূসক অব্যাহতির বিধান আছে। এই অব্যাহতি পাওয়া বিলের অর্থ ফেরত পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় মন্তব্য করে নিট পোশাকমালিকদের সমিতি বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, এখানে দুর্নীতির সুযোগ রেখে দেওয়া হয়েছে। এ জন্য বিলের সঙ্গে মূসক সম্পূর্ণ অব্যাহতির দাবি করেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন পাট পণ্য রপ্তানির ওপর দেওয়া ১০ শতাংশ ভর্তুকির ওপর ৫ শতাংশ উেস কর কর্তন বন্ধ ও রপ্তানি আয়ের ওপর উেস্য কর শূন্য দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করার দাবি জানায়।

এ ছাড়া বস্ত্রকলমালিকদের সমিতি বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরী, টেরি টাওয়েল ও লিলেন প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদিরসহ কয়েকটি সংগঠনের নেতারা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।

এনবিআর সদস্য ফরিদ উদ্দিন ব্যবসায়ীদের গবেষণা করে প্রতিবেদন তৈরি করে আনার পরামর্শ দেন। তিনি জানান, এতে দাবির যৌক্তিকতা তুলে ধরবেন। একই সঙ্গে দাবি বাস্তবায়নে কতটা উপকার হবে বা রপ্তানি বাড়বে, তা উল্লেখ থাকলে ভালো। এতে দাবি বাস্তবায়ন করা সহজ হবে।