প্রাক-বাজেট ২০১৪-১৫: পোশাক কারখানার নিরাপত্তা
অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির আমদানি শুল্ক হ্রাসের দাবি
তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ও ইস্পাতের কাঠামোর ভবনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের দাবি জানিয়েছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ের সভাকক্ষে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের জন্য খাতভিত্তিক প্রাক্-বাজেট আলোচনায় এ দাবি করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
এনবিআরের সদস্য মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবারের এই প্রাক্-বাজেট আলোচনায় পোশাক ও পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। তাঁরা আগামী বাজেটে শুল্ক, কর, মূসক হ্রাসসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজা ধসের পর পোশাক কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। কারখানার কর্মপরিবেশ উন্নয়নে মালিকদের প্রচুর অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। সে জন্য সরকারের কাছে আর্থিক ও নীতি-সহায়তা চাইছেন মালিকেরা।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে কয়েকটি কারখানা বন্ধ হয়েছে। এগুলোকে দ্রুত অন্য জায়গায় স্থানান্তর করতে ইস্পাতের কাঠামোর (প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং) ভবন নির্মাণ করতে হবে। এসব যন্ত্রপাতি শুল্কমুক্ত আমদানির সুযোগ দিলে উদ্যোক্তাদের জন্য সহজ হয়। তিনি এলইডি বাল্ব, হোস পাইপ ও ফায়ার ডোর আমদানিতে শুল্ক ও মূসক (মূল্য সংযোজন কর) ছাড়ের দাবি জানান।
বর্তমানে রপ্তানি পণ্য উৎপাদন পর্যায়ে গ্যাস ও বিদ্যুৎ বিলের ওপর ৮০ শতাংশ ও পানির বিলের ওপর ৬০ শতাংশ হারে মূসক অব্যাহতির বিধান আছে। তবে এই অব্যাহতি পাওয়া বিলের অর্থ ফেরত পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় বলে মন্তব্য করে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এখানে দুর্নীতির সুযোগ রেখে দেওয়া হয়েছে। এ জন্য বিলের সঙ্গে মূসক সম্পূর্ণ অব্যাহতির দাবি করেন তিনি।
অন্যদিকে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন পাটপণ্য রপ্তানির ওপর দেওয়া ১০ শতাংশ ভর্তুকির ওপর ৫ শতাংশ উৎসে কর কর্তন বন্ধ ও রপ্তানি আয়ের ওপর উৎসে করহার শূন্য দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ করার দাবি জানায়।
এ ছাড়া বস্ত্রকল মালিকদের সমিতি বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরী, টেরি টাওয়েল ও লিলেন প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির, বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের নেতারা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।
এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন ব্যবসায়ীদের ভবিষ্যতে গবেষণা করে প্রতিবেদন তৈরি করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, এতে দাবির যৌক্তিকতা ও এটি বাস্তবায়নে কতটা উপকার হবে বা রপ্তানি বাড়বে, তা উল্লেখ থাকলে ভালো। তা হলে দাবি বাস্তবায়নও সহজ হবে।