অগ্নিনির্বাপণ সরঞ্জাম বিপণনে আরএফএল

যুক্তরাজ্যভিত্তিক লিচফিল্ড ফায়ার অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট কোম্পানির (লাইফকো) তৈরি বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা সরঞ্জাম বাজারজাত করবে আরএফএল।
এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে গত শনিবার একটি চুক্তি হয়েছে। আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. রাশেদুর রহমান এবং লাইফকোর মহাব্যবস্থাপক ও সিওও মোহাম্মদ ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। আরএফএল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
মো. রাশেদুর রহমান বলেন, বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানায় এসব পণ্যের চাহিদা রয়েছে। মোহাম্মদ ইকবাল বলেন, লাইফকো ১৫ বছর ধরে সুনামের সঙ্গে বিশ্বজুড়ে অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি বাজারজাত করে আসছে। বর্তমানে বিশ্বের ১৫২টি দেশে এই কোম্পানির পণ্য বাজারজাত করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, আরএফএলের পরিচালক আর এন পল, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের বিপণন প্রধান চৌধুরী ফজলে আকবর ও ব্র্যান্ড ব্যবস্থাপক মো. নাজমুল হক, লাইফকোর উৎপাদন ব্যবস্থাপক মি. পল এবং দেশের তৈরি পোশাকশিল্প খাতে জড়িত বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।