
বাংলাদেশে তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করা এবং শ্রমিক অধিকার রক্ষায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কিছুটা অগ্রগতি হলেও সন্তুষ্ট নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এমন মত তুলে ধরেছেন এ দেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন উইলিয়াম হান্না। তিনি বলেছেন, ‘না, আমি সন্তুষ্ট নই। কিছু অগ্রগতি হয়েছে, তবে আরও অনেক কিছু করতে হবে। কারণ আমরা চাই এ দেশের পোশাক খাতের টেকসই উন্নয়ন।’ খবর ইউএনবির।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী দিবস উপলক্ষে গতকাল রোববার পোশাককর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইলিয়াম হান্না। ওই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কেয়ার বাংলাদেশ।
উইলিয়াম হান্না বলেন, পোশাক খাতের সঙ্গে ৪০ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। আবার এ দেশের রপ্তানির ৬০ শতাংশই যায় ইইউতে। সে কারণে সব পক্ষকে গুরুত্ব দিয়ে টেকসই উৎপাদন নিশ্চিত করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূত বলেন, ‘পরিবর্তন হচ্ছে এবং এটাকে আগামী কয়েক সপ্তাহ ধরে চালিয়ে যেতে হবে যেন সামগ্রিক একটা চিত্র তুলে ধরা যায়। আগামী মাসে রানা প্লাজা ধসের এক বছর পূর্তি হতে যাচ্ছে। তখন অনেক বিদেশি সাংবাদিক আসবেন। এ পর্যন্ত পোশাক খাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এতে কতটুকু অগ্রগতি হয়েছে সেসব বিষয় তাঁদের কাছে তুলে ধরতে হবে।’ এ সময় তিনি জানান, ইউরোপীয় পার্লামেন্টের দুজন সদস্য আগামী সপ্তাহে ঢাকা আসছেন। তাঁরাও পোশাক খাতে অগ্রগতির বিষয়টি খতিয়ে দেখবেন।
আরেক প্রশ্নের জবাবে হান্না বলেন, বিদেশ থেকে আসা সাংবাদিকদের প্রথম প্রশ্নই হবে রানা প্লাজার হতাহতদের ক্ষতিপূরণের কী হলো? কী হয়েছে, তা সবাই জানে। তিনি বলেন, কারখানার নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি নিয়েও প্রশ্ন আসতে পারে। আশার বিষয় হলো, ইতিমধ্যেই পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। তবে এটা শুনতে ভালো লাগে না যে ন্যূনতম মজুরি এখনো সব কারখানায় বাস্তবায়ন হচ্ছে না।
কয়েক মাসে দেশের বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত হওয়ার বিষয়টিকে ইতিবাচক মনে করেন উইলিয়াম হান্না। তিনি বলেন, মালিকদের মানসিকতায় বড় পরিবর্তন আসা উচিত। তাঁদের শ্রমিক ইউনিয়ন করতে দিতে হবে।
অনুষ্ঠানের শুরুতে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এটি সাবিনা নামের একজন নারী পোশাকশ্রমিকের ওপর নির্মিত। একজন নারী পোশাকশ্রমিকের জীবনসংগ্রামের শুরু থেকে বর্তমান অবস্থানের বাস্তবতা তথ্যচিত্রটির মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএন উইমেনের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন হান্টার, কেয়ারের এ দেশীয় পরিচালক জেমি টারজিসহ শতাধিক নারী পোশাকশ্রমিক উপস্থিত ছিলেন।