অগ্রগতির দাবি করলেন অনেকেই এলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে একটি পোশাক কারখানার অগ্নিনিরাপত্তা, বৈদ্যুতিক ও ভবনের পরিদর্শনের পর ত্রুটি চিহ্নিত করে ৪৮টি সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) দেয় ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড। এখন পর্যন্ত ৩১টি ক্যাপের কাজ শেষ করেছে কারখানা কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা আরাফাত আহমেদ এসব তথ্য দিয়ে বলেন, ‘হিসাব করলে দেখা যাবে কমপক্ষে ৬৩ শতাংশ সংস্কারকাজ শেষ করেছি আমরা। তবে অ্যাকর্ড বলছে, আমাদের সংস্কারকাজের অগ্রগতি ১০ শতাংশের কম। হয়তো তাদের কাছে হালনাগাদ তথ্য নাই।’
সংস্কারকাজে পিছিয়ে আছে এমন অভিযোগে অভিযুক্ত কারখানাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্ব। গতকাল বুধবার বিকেলে প্রথম দফায় ৮০ কারখানা কর্তৃপক্ষকে ডাকা হয়। তবে হাজির হন তিন ভাগের এক ভাগ, মাত্র ২৫-২৬ কারখানার প্রতিনিধিরা। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে উপস্থিত পোশাক কারখানার অধিকাংশ প্রতিনিধিই আরাফাত আহমেদের মতোই দাবি করলেন, তাঁদের সংস্কারকাজের অগ্রগতি ৬০ থেকে ৮০ শতাংশের মতো। দুই কারখানা মালিক দাবি করেছেন, তাঁদের কারখানা অ্যাকর্ডের চুক্তিবদ্ধ কোনো ব্র্যান্ডের কাজ করে না। তারপরও কীভাবে পরিদর্শনের জন্য অ্যাকর্ডের তালিকায় কারখানাগুলো ঢুকল, সেটি তাঁরা জানেন না। এ ছাড়া তিন-চারটি কারখানার কর্মকর্তারা জানালেন, তাঁদের কারখানা ‘শেয়ারড বিল্ডিং’-এ (পোশাক কারখানার পাশাপাশি অন্য কার্যক্রম চলে এমন ভবন) আছে। তবে কারখানা অন্য জায়গায় নিজস্ব ভবনে স্থানান্তর করতে চান, তাই সংস্কারকাজে অগ্রগতি কম।
কারখানার মালিক ও প্রতিনিধিদের কয়েকজন বলেন, অর্থায়নের অভাবে তাঁরা সংস্কারকাজ দ্রুত করতে পারছেন না। অনেক ক্ষেত্রে অ্যাকর্ডের কর্মকর্তারা সংস্কারকাজের ক্যাপ ও ভবনের বিস্তারিত কারিগরি মূল্যায়ন (ডিইএ) অনুমোদন দিতে বিলম্ব করেন। অগ্নিনিরোধক দরজা ফায়ার ডোর, অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত স্প্রিংকলার ইত্যাদি যন্ত্রপাতি আমদানি করতে সময়ক্ষেপণ হচ্ছে।
সম্প্রতি অ্যাকর্ড ৫২২ কারখানার একটি তালিকা বিজিএমইএকে দিয়ে বলে, এসব কারখানার সংস্কারকাজের অগ্রগতি শূন্য থেকে ৪০ শতাংশের নিচে। এর মধ্যে ১৮০ কারখানার অগ্রগতি শূন্য থেকে ১০ শতাংশ। তালিকাটি পাওয়ার পর বিজিএমইএ নেতৃত্ব অভিযুক্ত কারখানাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয়।
অবশ্য প্রথম বৈঠকেই গতকাল কারখানার প্রতিনিধিদের অধিকাংশ আসেননি। এ বিষয়ে মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘হয়তো অ্যাকর্ডের ওই হিসাবের সঙ্গে কারখানাগুলো একমত নয়, তাই তারা আসেনি। তবে আমরা তাদের আবার ডাকব।’ তিনি বলেন, প্রতিটি কারখানার প্রতিনিধির কাছ থেকে তাঁদের কতটুকু অগ্রগতি হয়েছে, সেটি লিখিত আকারে নেওয়া হচ্ছে। পরে অ্যাকর্ডের কাছে এসব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে।
জানতে চাইলে বিজিএমইএর এই সহসভাপতি বলেন, ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রায় বলা হচ্ছে, সংস্কারকাজের অগ্রগতি কম। তবে অভিযোগটি পুরোপুরি সত্য নয়। আজকের (গতকাল) বৈঠকে সেটি অনেকটাই উঠে এসেছে। সবার সঙ্গে বৈঠক শেষ হলে বিষয়টি আরও পরিষ্কার হবে আমাদের কাছে।’
এদিকে সংস্কারকাজের পিছিয়ে থাকা বা কর্মপরিবেশ উন্নয়নে ব্যর্থ হওয়ার অভিযোগে চারটি কারখানার সঙ্গে গত মঙ্গলবার অ্যাকর্ড ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। কারখানাগুলো হচ্ছে এন এ গার্মেন্টস, সিডকো লিমিটেড, আলিম নিটওয়্যার এবং সুমন ফ্যাশন গার্মেন্টস। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সাতটি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে অ্যাকর্ড।