অগ্রণী ইনস্যুরেন্সের শাখা ব্যবস্থাপককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা ব্যবস্থাপক মুন্সি আনোয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বাকিতে ব্যবসা করার অভিযোগে তাঁকে এই জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।আইডিআরএর জনসংযোগ কর্মকর্তা তানিয়া আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিআরএর একটি পরিদর্শক দল গত ১৯ জুন অগ্রণী ইনস্যুরেন্সের দিলকুশা শাখা পরিদর্শন করে। এ সময় তাদের টাকা আদায়ের রসিদ ও ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে সম্পূর্ণ বাকিতে ব্যবসার প্রমাণ পায় পরিদর্শক দল।এরই পরিপ্রেক্ষিতে নিয়ম ভাঙার অভিযোগে ১ আগস্ট আইডিআরের দপ্তরে শুনানি হয়। অগ্রণী ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আনোয়ার হোসেন ও শাখার ব্যবস্থাপক শুনানিতে অংশ নেন। শুনানি শেষে মুন্সি আনোয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাকিতে ব্যবসা করা হয়নি মর্মে তথ্য-প্রমাণ দাখিলের জন্য সময় চাওয়া হয়। আইডিআরএর পক্ষ থেকে তাদের ২ আগস্টের মধ্যে এ-সংক্রান্ত তথ্য জমা দিতে সময় দেওয়া হয়। কিন্তু ওই দিন দাখিল করা তথ্যেও সম্পূর্ণ বাকিতে ব্যবসার প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আইডিআরএ তাদের আগের রায় বহাল রাখে, যা এরই মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।