অগ্রণী ব্যাংকের এমডি অপসারিত হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদের কাছে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি জানতে চেয়েছিল, কোন নীতিমালা অনুসরণ করে অগ্রণী ব্যাংকে ঋণসুবিধা দেওয়া হয়? জবাবে সৈয়দ আবদুল হামিদ জানিয়েছেন, অর্পিত ক্ষমতা অনুযায়ী।
যদিও ২০১৩ সালের ১ ডিসেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদে ঋণ নীতিমালা-২০১৩ ও ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা-২০১৩ অনুমোদিত হয়। এ দুই নীতিমালা অনুযায়ী ব্যাংকটি চলার কথা। নতুন এই নীতিমালা অনুযায়ী ব্যাংক পরিচালনার তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষরও করেন আবদুল হামিদ।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, ঋণ নীতিমালা ও ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নের মিথ্যা তথ্য দিয়ে অর্পিত ক্ষমতা অনুযায়ী ব্যাংকের ঋণসুবিধা ক্ষমতা ব্যবহার করেছেন আবদুল হামিদ। ওই দুই নীতিমালা অনুযায়ী, ২৫ লাখ থেকে ১ কোটি পর্যন্ত ঋণ অনুমোদন, পুনঃ তফসিল ও পুনর্গঠন করতে পারেন এমডি। তবে অর্পিত ক্ষমতার প্রভাব খাটিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে ৭৯২ কোটি টাকা ঋণসুবিধা দিয়েছেন তিনি। এতেই ফেঁসে যাচ্ছেন আবদুল হামিদ।
সৈয়দ আবদুল হামিদের দেওয়া অবৈধ ঋণসুবিধার ঘটনায় বাংলাদেশ ব্যাংকে স্থায়ী কমিটির শুনানি শেষ হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে স্থায়ী কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গভর্নর ৪৬ ধারা অনুযায়ী অপসারণ করতে পারেন। স্থায়ী কমিটির প্রতিবেদনে আবদুল হামিদকে অপসারণের সুপারিশ করা হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। তবে কেউ নাম প্রকাশ করে কিছু বলতে রাজি হননি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও স্থায়ী কমিটির প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান গত রোববার প্রথম আলোকে বলেন, কমিটির শুনানি শেষ হয়েছে। এখন গভর্নরের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গভর্নরই।
অগ্রণী ব্যাংকের ঋণ নীতিমালা-২০১৩-তে বলা হয়েছে, যেসব ক্ষমতার বিষয়ে ঋণ নীতিমালায় উল্লেখ নেই, তা অর্পিত ক্ষমতা আইন-২০০২ অনুযায়ী চলবে। অর্পিত ক্ষমতা আইন ২০১৩ সালের পরিচালনা পর্ষদে পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।
তবে ২০১৩ সাল থেকে গত মার্চ পর্যন্ত ব্যাংকটির পর্ষদ সভার নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এখন পর্যন্ত অর্পিত ক্ষমতা-২০০২ নতুন করে পর্যালোচনা ও অনুমোদন করা হয়নি। অর্পিত ক্ষমতা ২০১৩ সালে অনুমোদন করা হয়েছে, এ ঘোষণা দেওয়ার পরও সৈয়দ আবদুল হামিদ ঋণের জামানত পরিবর্তন, নবায়ন ও পুনর্গঠন করে গেছেন। এতেই আটকে গেছেন তিনি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১১ সালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রধান শাখা থেকে তানাকা ট্রেডকম ইন্টারন্যাশনালকে ১২০ কোটি টাকার ঋণসুবিধা দেয়। এরপর পর্ষদের অনুমোদন ছাড়াই এমডি নিজে জামানত পরিবর্তন করে দেন। যদিও এ ক্ষমতা তাঁর ছিল না। এরপর ২০১৫ সালে ১১ কোটি টাকা ঋণ নবায়ন করে দেন এমডি, পাশাপাশি ৪৬ কোটি টাকা ঋণখেলাপি হওয়ার পরও নিয়মিত দেখানো হয়। লালদীঘি ইস্ট শাখার গ্রাহক মুহিব স্টিলের ৪২ কোটি টাকা ঋণ এমডি নিজেই নবায়ন করে দেন। মাহিদ অ্যাপারেল লিমিটেডের ৪০ কোটি টাকার ঋণপত্র ১০ শতাংশ মার্জিনে পর্ষদ অনুমোদন দিলেও এমডি নিজেই বিনা মার্জিনে ঋণপত্র খুলে দেন।
ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা-২০১৩ লঙ্ঘন করে মিউচুয়াল কনসার্ন লিমিটেডের ২০০ কোটি টাকা ঋণপত্র সীমা দুবার নবায়ন করেন এমডি। এ ছাড়া সানমুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান মিজান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণসুবিধা দিয়ে ব্যাংককে ঝুঁকিতে ফেলেছেন। ব্যাংকটির নিজস্ব অডিটেও এমডির ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে।
এ ছাড়া ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খানকে পর্ষদের অনুমোদন নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিলে তা পরিপালন করে ব্যাংকটি। কিন্তু পর্ষদের অনুমোদন ছাড়াই তাঁকে আবার দায়িত্ব ফিরিয়ে আনেন আবদুল হামিদ। সামগ্রিক বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও সৈয়দ আবদুল হামিদের বক্তব্য পাওয়া যায়নি।