অগ্রণী ব্যাংকের এমডিকে অপসারণে চিঠি
মুন গ্রুপ কেলেঙ্কারিসহ ঋণ বিতরণে নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার দায়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল হামিদকে এবার সরাসরি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারের চিঠি তাঁর অপসারণ বিষয়ে।
অপসারণের আগে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক তাঁকে এই নোটিশ-সংবলিত চিঠিই দিয়েছে। সৈয়দ আবদুল হামিদকে জবাব দিতে বলা হয়েছে আগামী ৩ মার্চের মধ্যে। সৈয়দ আবদুল হামিদ চিঠি পেয়েছেন এবং এর জবাব তৈরি করছেন বলে গতকাল বুধবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান।
তবে অপসারণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গতকাল প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক অপসারণের সুপারিশ করতে পারে, অপসারণ করতে পারে না।
মুন গ্রুপ কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে গত ২১ জানুয়ারি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সৈয়দ আবদুল হামিদকে আরেকটি চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। অগ্রণী ব্যাংক এরপর মিজানুর রহমান খানকে ব্যাংকের স্বাভাবিক কর্মকাণ্ড করার দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তবে, একই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার কারণে এবার কেন্দ্রীয় ব্যাংকের চিঠি পেলেন এমডি নিজেই।
বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও সাড়ে তিন বছর আগে মুন গ্রুপের একটি প্রকল্পে ১১৫ কোটি টাকা ঋণ দেয় অগ্রণী ব্যাংক। এরপর মুন গ্রুপ থেকে কোনো টাকা ফেরত পায়নি ব্যাংক।
গত আগস্টে মুন গ্রুপের এই প্রকল্পে অগ্রণী ব্যাংকের পাওনা হয় ১৩২ কোটি টাকা। টাকা উদ্ধারের জন্য ভবনসহ জমি বিক্রির চেষ্টা করে অগ্রণী ব্যাংক, কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে পারেনি।
জমির প্রকৃত মালিক শেখ মো. জয়নাল আবেদীন এবং তাঁর পুত্র ও জমির আমমোক্তার শেখ মো. আবদুল গণি। আবদুল গণি অগ্রণী ব্যাংকে জমির দলিলও দাখিল করেছেন আগে। কিন্তু অগ্রণী ব্যাংক তা আমলে নেয়নি।
তিন বছর আগেই জমির দলিল না থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়ার জন্য অগ্রণী ব্যাংকের এমডি ও ডিএমডিকে দায়ী করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে বলা হয়, ‘এমডির জ্ঞাতসারে ও প্রচ্ছন্ন ইঙ্গিতে এবং মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন একটি চক্র মুন গ্রুপকে ঋণ দিয়ে আমানতকারীদের বিপুল অঙ্কের টাকা ঝুঁকিগ্রস্ত করেছে।’
উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও মন্ত্রণালয় উল্টো তাঁদের পুরস্কৃত করেছে। অনিয়ম ধরা পড়ার পরও মিজানুর রহমান খানকে মহাব্যবস্থাপক থেকে ডিএমডি বানিয়েছে মন্ত্রণালয়। আর বাংলাদেশ ব্যাংকের আপত্তি সত্ত্বেও সরকার সৈয়দ আবদুল হামিদের মেয়াদ বাড়িয়েছে তিন দফা।
সৈয়দ আবদুল হামিদ গতকাল প্রথম আলোকে আরও বলেন, ‘পরিচালনা পর্ষদে অনেক প্রস্তাবই দিয়েছি সিদ্ধান্তের জন্য। রাজনৈতিক পর্ষদ, বোঝেনই তো। তবে আমাকে অপসারণ করতে গেলে আরও ১৫ জনকে অপসারণ করতে হবে।’