অগ্রণী ব্যাংকের এমডির বেআইনি নিয়োগ!
বাংলাদেশ ব্যাংককে উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে দিয়েছে। ঋণ বিতরণে অনিয়ম-দুর্নীতি করায় সৈয়দ আবদুল হামিদের চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করেই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার এক চিঠি দিয়ে অগ্রণী ব্যাংকের এমডির এ মেয়াদ বাড়ায়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুলচাঁদ দাস গতকাল প্রথম আলোকে বলেন, ‘সৈয়দ আবদুল হামিদকে এমডি হিসেবে এক বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।’ এর বাইরে কোনো কথা বলতে চাননি তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি ছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে এমডি নিয়োগের বিধান নেই। ব্যাংক কোম্পানি আইনের ১৫ (৪) ধারায় বলা হয়েছে, ‘বিশেষায়িত ব্যাংক ছাড়া অন্য যেকোনো ব্যাংক-কোম্পানিকে তার পরিচালক, এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্তি বা পদায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।’
অর্থ মন্ত্রণালয় এত দিন তা মেনেও আসছিল। কিন্তু অগ্রণী ব্যাংকের এমডির বেলায়ই ব্যতিক্রম উদাহরণ তৈরি করা হলো। সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে ব্যাংক খাতের সার্বিক বিষয়ে আলোচনার জন্য আগামী রোববার বাংলাদেশ ব্যাংক একটি বৈঠক ডেকেছিল। গতকালকের এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ওই বৈঠকটি বাতিল করেছে।
শেষবারের মতো সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বলেছে, ‘১১ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য অগ্রণী ব্যাংকের এমডি পদে সৈয়দ আবদুল হামিদের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেওয়া হলো। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণের প্রয়োজন নেই।’
সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের তিন এমডির এক বছর করে মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে গত মাসে ব্যাংকগুলোর পর্ষদে চিঠি পাঠায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র পেলে তিন ব্যাংকের পর্ষদ এমডি পদে তাঁদের আবারও নিয়োগ দিতে পারে।
সোনালী ও রূপালীর এমডির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেয় কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু আটকে দেয় অগ্রণীর এমডির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবটি। গতকাল ছিল সৈয়দ আবদুল হামিদের শেষ দিন। শেষ দিনেই তাঁকে তাড়াহুড়া করে মেয়াদ বাড়ানোর চিঠি দেওয়া হলো।
মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, ব্যাংক কোম্পানি আইনে নিযুক্তি বা পদায়নের কথা বলা রয়েছে—পুনর্নিয়োগ কথা বলা নেই। আর এ ফাঁকটিই ব্যবহার করা হয়েছে। কিন্তু সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ এর সঙ্গে একমত পোষণ করেননি।
প্রথম আলোকে শফিক আহমেদ বলেন, ‘পুনর্নিয়োগ আসলে নিয়োগই। এ ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত।’ সাবেক আইনমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রমালিকানাধীন সব ব্যাংকের এমডির ক্ষেত্রে একই রকম ব্যবস্থা থাকা উচিত। সোনালী ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের মতামত নেওয়া হবে, আর অগ্রণীর ক্ষেত্রে নেওয়া হবে না—এটি অবাঞ্ছনীয়।
বাংলাদেশ ব্যাংক একাধিকবার অগ্রণী ব্যাংকের এমডির অনিয়ম-দুর্নীতির চিত্র জানালেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। উল্টো তাঁকে চতুর্থবারের মতো এমডি হিসেবে নিয়োগের পক্ষে সুপারিশ করে। প্রথমবার তিন বছরের জন্য নিয়োগ দিয়ে পরে তিনবার (গতকালসহ) এক বছর করে মেয়াদ বাড়ায়।
বিতর্কিত ব্যবসায়িক গোষ্ঠী মুন গ্রুপকে ৩০০ কোটি টাকা ঋণ দিয়েছে অগ্রণী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করে দেখেছে, রাজধানীর কল্যাণপুর ও দিলকুশা এবং ঢাকার বাইরে বরগুনায় বহুতল ভবন তৈরির জন্য ঋণ নিতে মিথ্যাচার করেছে মুন গ্রুপ। আমানতকারীদের এ টাকা মুন গ্রুপ আদায়ের সম্ভাবনা কম।
কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫২ শতাংশ জমির ওপর মুন গ্রুপ যে ২০ তলা ভবন তৈরি করেছে, ওই জমিও দখল করা বলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নজরে এসেছে। ওই জমির মালিকানার বৈধ দলিল গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অগ্রণী ব্যাংক পায়নি। একই মৌজায় মুন গ্রুপের মালিক মিজানুর রহমানের স্ত্রীর নামে ‘রাজিয়া টাওয়ার’ নামে আরেকটি ২০ তলা ভবন রয়েছে। সেটিও দখল করা জমির ওপর বলে অভিযোগ রয়েছে। দুই ভবন মিলিয়ে মিজানুর রহমানের দখল করা জমি ১২০ শতাংশ—যার দাবিদার শেখ মো. জয়নাল আবেদীন ও তাঁর পুত্র শেখ মো. আবদুল গণি। অগ্রণী ব্যাংক এসব জেনেও মুন গ্রুপকে ঋণ দিয়েছে।
আর তাই গত ১৫ জুন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমের কাছে এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘সৈয়দ আবদুল হামিদের জ্ঞাতসারে ও তাঁর প্রচ্ছন্ন ইঙ্গিতে ব্যাংকের আমানতকারীদের ৩০০ কোটি টাকা ঝুঁকিগ্রস্ত। এর দায়ভার এমডির ওপর বর্তায়।’
এম আসলাম আলম গতকাল বিদেশে গেছেন। আগের দিন বুধবার প্রথম আলোর পক্ষ থেকে তাঁর কাছে জানতে চাওয়া হয়, যেসব কারণে কেন্দ্রীয় ব্যাংক সৈয়দ আবদুল হামিদকে এমডি পদে নিয়োগ দিতে চাইছে না, সেসব কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মন্ত্রণালয় কীভাবে তাঁর জন্য সুপারিশ করল?
একদিন আগে সচিব আরও বলেছিলেন, ‘আমরা তো অত গভীরের খবর সব জানি না। কেন্দ্রীয় ব্যাংক যা ভালো মনে করবে তাই হবে, যেহেতু ব্যাংক খাতের প্রধান নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংক।’
চিঠি পেয়েছেন কি না জানতে চাইলে সৈয়দ আবদুল হামিদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আল্লাহর রহমত ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় হয়েছে। সবার প্রতি তাই তিনি কৃতজ্ঞ।